যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী

২১ এপ্রিল ২০২৬, ১১:৫০ AM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫১ AM
পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়

পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় © টিডিসি

গাইবান্ধার পলাশবাড়ীতে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড না পাওয়ার জটিলতা কাটিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তারা নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে অংশ নেয় পরীক্ষায়। এর আগে রাতভর মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে রাত পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেয় তারা।

সরেজমিনে জানা গেছে, পলাশবাড়ীর জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড না পেয়ে সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে গেলেও কোনো ফল পাননি। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হয়েও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করে বসে তারা। এতে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার ও থানা পুলিশের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ শোনার সঙ্গে সঙ্গেই আমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। রাতের মধ্যেই প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তাদের আশ্বস্ত করি।’

বিক্ষুব্ধ শিক্ষার্থী রাবেয়া আক্তার বলে, ‘পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের অ্যাডমিট কার্ড হয়নি। প্রধান শিক্ষকদের কেউ ফোন ধরছেন না, কেউ বিদ্যালয়ে আসেননি। আমরা ইউএনও সাহেবের কাছে গিয়েও সমাধান না পেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করি। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিই।’

আরেক পরীক্ষার্থী শাহিনুর ইসলাম বলেন, ‘রাত ১০টায় অবরোধ তুলে নেওয়ার পরও আমরা ঘুমাইনি। সকালে অ্যাডমিট কার্ড হাতে পেয়ে পরীক্ষাকেন্দ্রে যাই। এখন অনেক ভালো লাগছে।’

উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন জানান, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগেই সব শিক্ষার্থী অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে। বাসুদেব পরীক্ষাকেন্দ্রে তারা উপস্থিত হয় এবং নির্ধারিত সময়ে পরীক্ষায় বসে।

এদিকে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শিক্ষার্থীদের ভোগান্তির কারণ দাঁড় করানোর জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয় অভিভাবক আবুল হোসেন বলেন, ‘আমাদের সন্তানরা অপরাধ করেনি। তারা শুধু পরীক্ষা দিতে চেয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে শেষ মুহূর্তে এ দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে, সেজন্য আমরা কৃতজ্ঞ।’

পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘শেষ পর্যন্ত ন্যায়বিচার পেয়েছি। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও শিক্ষাবোর্ডের সহযোগিতায় আজ পরীক্ষা দিতে পেরেছি। আমরা চাই না আর কোনো শিক্ষার্থীকে এভাবে ভোগান্তি পোহাতে হয়।’

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেণ, ‘শিক্ষার্থীদের আবেগতা বোঝার চেষ্টা করি আমরা। তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়েছে। গতকাল থেকেই থানা পুলিশ ঘটনাস্থলে ছিল এবং পরিক্ষা কেন্দ্রগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে।’

প্রসঙ্গত, সোমবার রাতের অবরোধ তুলে নেওয়ার পর মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।

একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬