স্কলারশিপ, পার্ট-টাইম জব ও স্থায়ী বসবাসের দারুণ সুযোগ
উন্নত গবেষণা, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি, শান্তিপূর্ণ সমাজ আর চমৎকার জীবনমানের কারণে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন। শুধু IKEA কিংবা নোবেল প্রাইজের জন্যই নয়, বরং গ্লোবাল ক্যারিয়ার গঠন ও স্থায়ী বসবাসের সুযোগের কারণে দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুইডেন এখন একটি অন্যতম সেরা পছন্দ।
কেন বেছে নেবেন সুইডেন
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও আধুনিক স্টুডেন্ট-সেন্ট্রিক শিক্ষাপদ্ধতির জন্য সুইডেন সুপরিচিত।
*ইংরেজি মাধ্যমে পড়াশোনা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ১,০০০-এর বেশি ইংরেজি-ভাষার মাস্টার্স প্রোগ্রাম
এবং বেশ কিছু ব্যাচেলর প্রোগ্রাম;
*পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সপ্তাহে সাধারণত ১৫ ঘণ্টা পার্ট-টাইম কাজ করার সুযোগ পান;
*স্পাউস ও ফ্যামিলি ভিসা: মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা তাদের স্পাউস (স্বামী/স্ত্রী) এবং সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে স্পাউস ফুল-টাইম কাজের সুযোগ পান এবং সন্তানরা বিনা মূল্যে পড়াশোনার সুবিধা পায়;
*জব সার্চ ভিসা ও পিআর (PR): পড়াশোনা শেষে চাকরি খোঁজার জন্য ১ বছরের ‘জব সার্চ ভিসা’ পাওয়া যায়। পরবর্তীতে চাকরি পাওয়ার পর নির্ধারিত শর্ত ও অভিবাসন নীতি মেনে স্থায়ী বসবাসের (Permanent Residency) আবেদন করা যায়। তবে নির্দিষ্ট সময় বসবাসের পাশাপাশি চাকরি, আয়, স্বনির্ভরতা এবং অন্যান্য অভিবাসন শর্ত পূরণ করতে হয়;
আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
টিউশন ফি ও জীবনযাত্রার খরচ
ইউরোপীয় ইউনিয়ন (EU) বা ইইএ (EEA)-এর বাইরের শিক্ষার্থীদের জন্য সুইডেনে পড়াশোনা ও থাকার খরচ শহরভেদে কিছুটা কম-বেশি হয়ে থাকে।
*টিউশন ফি: প্রতি বছর প্রায় ৮০,০০০ থেকে ১,৬০,০০০ সুইডিশ ক্রোনা (SEK), যা ইউরোর হিসেবে প্রায় ৭,০০০ থেকে ১৪,০০০ ইউরো। তবে অনেক প্রোগ্রামে স্কলারশিপের মাধ্যমে এই ফি সম্পূর্ণ মওকুফ হতে পারে;
*জীবনযাত্রার খরচ: বাসস্থান ও দৈনন্দিন খরচ মিলিয়ে প্রতি মাসে প্রায় ৮,০০০ থেকে ১২,০০০ সুইডিশ ক্রোনা (৭০০ থেকে ১,১০০ ইউরো) প্রয়োজন হয়;
*ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স: ভিসা আবেদনের জন্য প্রতি মাসের খরচ হিসেবে লিভিং কস্ট বাবদ প্রায় ১০,৬৫৬ সুইডিশ ক্রোনা (SEK) ব্যাংকে দেখাতে হয়;
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
স্কলারশিপের সুযোগ
সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সরকারি ও বিশ্ববিদ্যালয়ভেদে দুই ধরনের স্কলারশিপ রয়েছে:
১. SISGP (Swedish Institute Scholarships for Global Professionals): এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সরকারি স্কলারশিপ। এর অধীনে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, প্রতি মাসে ১২,০০০ SEK স্টাইপেন্ড, স্বাস্থ্যবিমা, ভিসা ফি এবং ট্রাভেল গ্রান্ট পাওয়া যায়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এতে বিশেষ কোটা বা বরাদ্দ থাকে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://si.se/en/apply/scholarships/
২. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ: লুন্ড ইউনিভার্সিটি (Lund University Global Scholarship), উপসালা (Uppsala IPK Scholarship) ও কেটিএইচসহ (KTH Scholarship) বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে আংশিক বা পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা দেয়। এছাড়া ইউরোপের বিখ্যাত 'Erasmus Mundus' প্রোগ্রামের মাধ্যমেও সুইডেনে পড়ালেখা করা সম্ভব।
আরও পড়ুন: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেরা ১০ স্কলারশিপ
ভাষা ও ভর্তির যোগ্যতা
সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য সাধারণত IELTS-এ ৬.৫ অথবা TOEFL-এ ৯০ স্কোর প্রয়োজন হয়। কিছু কিছু বিশ্ববিদ্যালয় PTE এবং Duolingo গ্রহণ করে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মিডিয়াম অব ইনস্ট্রাকশন (MOI) বা পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি মাধ্যমের সার্টিফিকেট গ্রহণযোগ্য হলেও তা খুব একটা সাধারণ নয়।
আবেদন ও ভিসা প্রক্রিয়া
সুইডেনে মূলত দুটি প্রধান সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়, তবে মূল আবেদনপ্রক্রিয়া শুরু হয় শীতকালে।
*আবেদনের সময়সীমা: প্রতি বছরের ১৬ অক্টোবর থেকে পরবর্তী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মূল আবেদন নেওয়া হয়;
*ফলাফল ও ভিসা: মার্চ-এপ্রিল মাসের মধ্যে ভর্তির ফলাফল প্রকাশ করা হয় এবং মে-জুন মাসের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হয়;
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
প্রয়োজনীয় কাগজপত্র
*অফার লেটার;
*স্কলারশিপের প্রমাণ (যদি থাকে);
*ব্যাংক স্টেটমেন্ট;
*ইনস্যুরেন্স;
*পুলিশ ক্লিয়ারেন্স;
*পাসপোর্ট ও ছবি;
আরও পড়ুন: এক আবেদনেই ইউরোপ সফর: শেনজেন ভিসার আদ্যোপান্ত
আবেদনকেন্দ্র
ঢাকার বারিধারায় অবস্থিত সুইডিশ অ্যাম্বেসি (Swedish Embassy) অথবা ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর মাধ্যমে শিক্ষার্থীরা ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।
তথ্যসূত্র: https://si.se/en/apply/scholarships/ , https://www.migrationsverket.se/en/you-want-to-apply/study/higher-education