আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ বেলজিয়ামে
বর্তমানে ইউরোপের অন্যতম উন্নত ও গ্রহণযোগ্য শিক্ষাগন্তব্য হিসেবে বেলজিয়াম বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দৃঢ় সমাজব্যবস্থা, উন্নত অর্থনীতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার কারণে বেলজিয়াম এখন উচ্চশিক্ষার জন্য একটি চমৎকার বিকল্প।
অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ থাকার পাশাপাশি বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও ফান্ডিং সুবিধা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে বেলজিয়ামে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। আজ আমরা আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জানব।
১. গভর্নমেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ
বেলজিয়াম সরকার এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এআরইএস নামের এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকার নির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পেতে পারবেন যে কেউ।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
২. মাস্টারমাইন্ড স্কলারশিপ
মাস্টারমাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দেওয়া হয়। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসাবিমা, টিউশন ফি মওকুফসহ ১০ হাজার ২২৫ ইউরো শিক্ষা ভাতা দেয়।
৩. ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে এটি অন্যতম। ইউরোপীয় ইউনিয়নের এ স্কলারশিপটি ইউরোপে বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য। আপনি বেলজিয়ামে পড়ার জন্য আইইএলটিএস ছাড়া ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বৃত্তিটি শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি, ভ্রমণ ও শিক্ষার্থীদের বিমা খরচ দিয়ে থাকে।
৪. ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম
ভিএলআইআর-ইউওএস বৃত্তি শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই, জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান দেয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সর্বাধিক আকাঙ্ক্ষিত স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য প্রায় ৩১ জন বিদেশি শিক্ষার্থীকে প্রতিবছর এ বৃত্তি দেওয়া হয়।
আরও পড়ুন: জার্মানির সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জেনে নিন
৫. গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ
গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য কে ইউ লিভেন’র একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া হয় এ বৃত্তিতে। বৃত্তিটি সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, ২ হাজার ১৯৯ ইউরো মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়ার টিকিট ও মাসিক ৩১০ ইউরো গবেষণা ভাতা দিয়ে থাকে। এ স্কলারশিপে আবেদন করার জন্য আইইএলটিএস লাগবে না।
স্কলারশিপগুলো ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেলজিয়ামের বেশকিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলইটিএস ছাড়াই পড়তে পারবেন।
*ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস;
*অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়;
*ঘেন্ট বিশ্ববিদ্যালয়;
*কে ইউ লিভেন;
*হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
আইইএলটিএস ছাড়া আবেদন করতে শিক্ষার্থীদের যেসব শর্ত পূরণ করতে হবে:
*আপনি যদি ইংরেজি ভাষা ইনস্টিটিউট থেকে আপনার আগের ডিগ্রি অর্জন করে থাকেন;
*পূর্ববর্তী শিক্ষা যে ইংরেজিতে ছিল, তার প্রমাণ হিসেবে আপনার পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষাদক্ষতার প্রশংসাপত্র, লেটারহেডযুক্ত কাগজে মুদ্রিত এবং সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র;
*বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি ক্র্যাশ প্রোগ্রাম অফার করে;
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বেলজিয়ামে টিউশন ফি সম্পর্কিত তথ্য
টিউশন ফি-র পরিমাণ
বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক টিউশন ফি সাধারণত €835 থেকে €9,000 এর মধ্যে হয়ে থাকে।
সরকারি বিশ্ববিদ্যালয়: €835–€4,000 (সাধারণত EU ও non-EU শিক্ষার্থীদের জন্য ভিন্ন হার থাকে)।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ইংরেজি মাধ্যমে প্রোগ্রাম: €4,000 – €9,000 বা তার বেশি হতে পারে।
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
বিশেষ ছাড় (Developing Countries)
কিছু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে Flemish বা Walloon region-এর বিশ্ববিদ্যালয়গুলো, উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা কম টিউশন ফি প্রস্তাব করে। যেমন:
*VLIR-UOS Scholarship (Flemish region);
*Erasmus Mundus Joint Masters;
*ARES Scholarships (Wallonia-Brussels Federation);
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত
প্রতিটি প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ভিন্ন হতে পারে, তাই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া যাবে।