২২ জুন ২০২৬, ২১:১১

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে নিউজিল্যান্ড

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড সরকার  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি নিউজিল্যান্ড। দেশটিতে পড়াশোনা করতে আগ্রহীদের জন্য এসেছে সুখবর। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড সরকার। নতুন নীতির আওতায় যুক্ত হয়েছে একটি নতুন ভিসা ক্যাটাগরি এবং সম্প্রসারণ করা হয়েছে কিছু বিদ্যমান সুবিধার পরিধি। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে এসব পরিবর্তন কার্যকর হবে।

১৬ নভেম্বর ২০২৬ থেকে যেসব শিক্ষার্থী নিউজিল্যান্ডে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন ও নিউজিল্যান্ড বা বিদেশ থেকে স্নাতক ডিগ্রিধারী, তারাও পোস্ট–স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন। আবেদনকারীকে পূর্ণকালীনভাবে পুরো গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে। পাশাপাশি স্নাতক সনদ ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু করেছে নিউজিল্যান্ড। যেসব শিক্ষার্থী দীর্ঘমেয়াদি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে পারেন না, তাদের জন্য এই ভিসা। এই ভিসার মাধ্যমে যোগ্য গ্র্যাজুয়েট ব্যক্তিরা নিউজিল্যান্ডে সর্বোচ্চ ছয় মাস অবস্থান করে প্রায় যেকোনো নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

১. নিউজিল্যান্ডে লেভেল ৫ থেকে ৭ পূর্ণকালীন কোর্স সম্পন্ন করতে হবে।

২. কোর্সের মেয়াদ কমপক্ষে ২৪ সপ্তাহ হতে হবে।

৩. ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ৫,০০০ নিউজিল্যান্ড ডলার (৩,২৫,০০০ থেকে ৩,৭৫,০০০ টাকা) থাকতে হবে। 

৪. স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার ৩ মাসের মধ্যে আবেদন করতে হবে।

তবে এই ভিসায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। গ্র্যাজুয়েট ব্যক্তিরা এই ভিসার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারবেন না, পরিবারকে স্পনসর করতে পারবেন না এবং এটি একবারই পাওয়া যাবে।

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন চীনে, দেবে মাসিক উপবৃত্তি

গ্র্যাজুয়েট ডিপ্লোমার জন্য সুযোগ বৃদ্ধি

দ্বিতীয় বড় পরিবর্তনটি হলো পোস্ট–স্টাডি ওয়ার্ক ভিসার পরিধি বৃদ্ধি। এখন লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা এক বছরের ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হতে পারেন। শর্ত অনুযায়ী আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি ছাড়াও যদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা নিউজিল্যান্ডের Green List–এ থাকা পেশার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে যোগ্যতা পাওয়া যেতে পারে। Green List মূলত সেসব পেশার তালিকা, যেখানে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে।

ভিসার ক্ষেত্রে সতর্কতা

নতুন নিয়ম অনুযায়ী, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা ও শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দুটিই একবারই পাওয়া যাবে। অর্থাৎ, যারা একবার পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পেয়েছেন, তারা পুনরায় এই সুবিধা নিতে পারবেন না। এছাড়া শিক্ষার্থীদের এখন থেকেই সতর্কভাবে কোর্স নির্বাচন করতে হবে। কারণ ভিসার মেয়াদ ও চাকরির সুযোগ সরাসরি কোর্স ও যোগ্যতার ওপর নির্ভর করবে। নিউজিল্যান্ডের এই নতুন ভিসা নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি পরিকল্পনা ও যোগ্যতা যাচাইয়ের গুরুত্বও বাড়িয়ে দিচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি