১৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমনরুম  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৮ হাজার ৪৭৯ জন ছাত্রীর জন্য সাধারণ কক্ষ (কমন রুম) রয়েছে মাত্র দুটি। শিক্ষার্থীর তুলনায় কক্ষ দুটি ছোট হওয়ায় সেখানে বসার জায়গা পাওয়া কঠিন। এর সঙ্গে রয়েছে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা নেই। ফলে ক্লাসের ফাঁকে বিশ্রাম নেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজন মেটানো—সব ক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছেন ছাত্রীরা।

গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রকাশিত নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, ছাত্রীদের জন্য একটি কমন রুম শহীদ সাজিদ ভবনে এবং অন্যটি বিজ্ঞান অনুষদ ভবনে অবস্থিত।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ করে সকালে ক্লাস চলাকালে কক্ষ দুটি অতিরিক্ত ভিড়ে পরিপূর্ণ থাকে। প্রয়োজনের সময় বসার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে বিশ্রামের জন্য তৈরি করা কক্ষগুলোই তাঁদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুসনে আরা বলেন, জায়গা কম থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। টয়লেটগুলো অপরিচ্ছন্ন এবং নিয়মিত ব্যবহারের উপযোগী নয়। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও নেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

শহীদ সাজিদ ভবনের কমন রুমটি ১৩ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নিচতলায় অবস্থিত। ফলে ওপরের তলাগুলোয় ক্লাস করা ছাত্রীদের প্রয়োজন হলে নিচে আসতে হয়। বিশেষ করে ক্লাসের বিরতি কম থাকলে কিংবা জরুরি প্রয়োজনে এটি বাড়তি ভোগান্তি তৈরি করে।

আরও পড়ুন: আ’লীগ আমলের ৪ শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজনই কারাগারে, বিদেশে পালিয়েছেন একজন

রুমটিতে দুটি টেবিল ও প্রায় ৮০টি চেয়ার রয়েছে। তবে এর পাশে বারান্দার চারদিকে জমে থাকা ময়লা ও স্যানিটারি ট্যাংকের কারণে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সেখান থেকে দুর্গন্ধও ছড়ায়। কক্ষটির পাশের সাতটি ওয়াশরুমের মধ্যে দুটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। বাকি পাঁচটির অবস্থাও ভালো নয়।

পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করা লেশমি দাস বলেন, পুরোনো টাইলসে স্থায়ী দাগ পড়ে যাওয়ায় পরিষ্কার করা কঠিন হয়ে পড়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থী ব্যবহার করায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া হক বলেন, নিচতলায় কক্ষটি অবস্থিত হওয়ায় অনেক শিক্ষার্থী প্রয়োজন থাকা সত্ত্বেও সেখানে যেতে পারেন না। আবার শিক্ষার্থীর সংখ্যার তুলনায় কক্ষটি ছোট এবং প্রয়োজনীয় সুবিধাও অপর্যাপ্ত।

বিজ্ঞান অনুষদ ভবনের কমন রুমেও একই ধরনের সমস্যা দেখা যায়। সরেজমিনে দেখা যায়, কক্ষটির পর্দাগুলো পুরোনো ও ময়লাযুক্ত। চেয়ার-টেবিলের কয়েকটি ভাঙা ও ব্যবহারের অনুপযোগী। শিক্ষার্থীরা জানান, ভাঙা আসবাবের কারণে অনেক সময় তাঁদের পোশাক ছিঁড়ে যায়। 

কক্ষটিতে প্রায় ৫০টি চেয়ার রয়েছে, যা ব্যবহারকারীর সংখ্যার তুলনায় অপ্রতুল। পাশে দুটি ওয়াশরুম রয়েছে।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজা আক্তার বলেন, শিক্ষার্থীর তুলনায় বসার জায়গা খুবই কম। ওয়াশরুমগুলোও ব্যবহারের উপযোগী নয়।

আরও পড়ুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস

শুধু কমনরুমের সংখ্যা নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনেও এ সুবিধার ঘাটতি রয়েছে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ভাষাশহীদ রফিক ভবনে ছাত্রীদের জন্য কোনো সাধারণ কক্ষ নেই। ফলে এসব ভবনে ক্লাস করা শিক্ষার্থীদের ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজন মেটানোর উপযুক্ত জায়গা খুঁজতে হয়।

বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট ঘুরে দেখা গেছে, একমাত্র সমাজকর্ম বিভাগেই ছাত্রীদের জন্য আলাদা সাধারণ কক্ষ রয়েছে। তবে সেটিও বারান্দার একটি অংশে তৈরি। সেখানে একসঙ্গে পাঁচ থেকে ছয়জনের বেশি শিক্ষার্থীর বসার সুযোগ নেই।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে বিভাগের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে জায়গাটি তৈরি করা হয়েছে। এর রক্ষণাবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ও অতিরিক্ত জনবল চাওয়া হলেও পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি।

এদিকে, ছাত্রীদের জন্য দুটি সাধারণ কক্ষ থাকলেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্ধারিত কোনো সাধারণ কক্ষ নেই।

এ বিষয়ে অর্থনীতির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আকাশ বলেন, মেয়েদের পাশাপাশি ছাত্রদের ও কমনরুম থাকাটা প্রয়োজন। অনেকেই খুব ভোরে দূর হতে ক্লাস করতে এসে বিকেলে বাসায় ফিরে। পোশাক পরিবর্তন, বিশ্রাম ও অন্যান্য বিষয়েও ছেলেদের একটি কমনরুম প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার দীর্ঘদিন ধরে জনবল, পর্যাপ্ত জায়গা এবং সুবিধার সংকট রয়েছে। ডে-কেয়ার সেন্টারে আগে প্রায় সময়ই শিশু থাকত। তবে ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে শিশুদের আসা কমে গেছে। বর্তমানে সেন্টারে ২ থেকে ১২ বছর বয়সী শিশুরা রয়েছে। 

আরও পড়ুন: বয়স বাড়ছে, কমছে মান—নানান সংকটে ধুঁকছে ১৮৬ বছরের কলেজটি

২ বছরের কম বয়সী শিশু রাখায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই শিশু সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছে কর্মচারীরা। ডে কেয়ারে সন্তান রাখার ব্যাপারে অবগত নেই অধিকাংশ শিক্ষার্থী। অনেকে অযত্নের আশঙ্কা করে সন্তান নিয়েই ক্লাস করছেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ব্রেস্ট ফিডিং সেন্টার বা কর্নার চালু থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কমনরুমের একপ্রান্তে নামাজের জায়গায় ছাত্রীরা প্রয়োজনে ব্যবহার করেন। 

পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাইলে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মাহাতি হাসান জুয়েল বলেন, দপ্তরে পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারক করা কঠিন। অন্যান্য দায়িত্বের পাশাপাশি, অনুরোধের প্রেক্ষিতে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীর ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া দুটি কমনরুমে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য দুজন অফিস সহকারী দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, ওয়াশরুমের বিভিন্ন সরঞ্জাম, মেরামত ও রক্ষণাবেক্ষণের বিষয়টি মূলত বাজেট বরাদ্দের ওপর নির্ভরশীল। ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানের জন্য জরুরি তহবিল বা নগদ তহবিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন কমনরুমের ব্যাবস্থা অথবা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান ক্যাম্পাসে জায়গার তীব্র সংকট রয়েছে। নতুন শ্রেণিকক্ষের জন্য জায়গা বরাদ্দ করাও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নতুন ভবন বা অন্য কোনো স্থানে অতিরিক্ত সাধারণ কক্ষ স্থাপনের তাৎক্ষণিক সুযোগ নেই।

আরও পড়ুন: ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীকল্যাণ দপ্তর ও প্রকৌশল দপ্তরের কাছ থেকে বিস্তারিত লিখিত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে। ব্রেস্ট ফিডিং ও ডে কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন কক্ষ স্থাপন, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং ছাত্রদের জন্য সাধারণ কক্ষ তৈরির বিষয়গুলো বর্তমান পরিস্থিতিতে কঠিন। তবু সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

ছাত্রীদের সংখ্যা বাড়লেও তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা সেই অনুপাতে বাড়েনি। দীর্ঘদিনের এই সংকট এখন শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

ছাত্রীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও ব্যবহারোপযোগী ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুবিধাগুলো সম্প্রসারণ ও উন্নয়নের প্রয়োজনীয়তা আরও তীব্র আকারে দেখা দিয়েছে।