০৩ মে ২০২৬, ১৭:৪১

সুপার স্পেশালাইজড হাসপাতালের মালামাল চুরি, আদালতে তিন আসামির দায় স্বীকার

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল, ইনসেটে চুরি যাওয়া মালামালের একাংশ  © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে নির্মাণসামগ্রী চুরির ঘটনায় গ্রেপ্তার তিন আসামি রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রবিবার (৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাদের এ জবানবন্দি রেকর্ড করেন।

জানা গেছে, গত ২৩ এপ্রিল মামলার তদন্তের স্বার্থে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

আরও পড়ুন: দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌশল-পরিচালক দপ্তর

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ভোরে সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চারটি মিনি ট্রাকে করে প্রকল্পের মূল্যবান নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে শাহবাগ থানায় মামলা করা হয় এবং তদন্তে নেমে পুলিশ হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন হাসপাতালের উপ-সহকারী প্রকৌশলী আল মামুন সরকার (৩৩), পরিচালক দপ্তরের সহকারী কম্পিউটার অপারেটর মামুন উর রশিদ (৪০) ও অন্য একজন মাসুম বিল্লাহ (৩৫)।

আরও পড়ুন: সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশল-পরিচালক দপ্তরের ৬ কর্মকর্তা বরখাস্ত

গত ২৩ এপ্রিল শাহবাগ থানার এসআই একরামুল হকের নেতৃত্বে বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৭ কেজি স্ক্র্যাপ লোহা, যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।