নেচার ইনডেক্সে ১৬ পাবলিক ও ১১ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল ২টি
বিশ্বখ্যাত স্প্রিঞ্জার নেচারের ‘নেচার ইনডেক্স’-এর হালনাগাদ তালিকায় স্থান পেয়েছে দেশের সরকারি-বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া দুটি মেডিকেল কলেজের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তেজগাঁও কলেজও এই তালিকায় উঠে এসেছে। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে নেচার।
গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বজুড়ে মাত্র ১৪৫টি অত্যন্ত উচ্চমানের এবং মর্যাদাপূর্ণ পিওর সায়েন্স ও মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্র ও বিজ্ঞানীদের অবদানের ওপর ভিত্তি করে এই সূচক বা র্যাংকিং তৈরি করা হয়েছে।
নেচার ইনডেক্সের নিয়ম অনুযায়ী, কোনো একটি গবেষণাপত্রে একাধিক দেশি বা বিদেশি প্রতিষ্ঠান বা গবেষক যুক্ত থাকলে সেই আর্টিকেলের মোট ক্রেডিট লেখকদের অবদান অনুযায়ী ভগ্নাংশে ভাগ হয়ে যায়, যাকে ‘শেয়ার স্কোর’ বলা হয়। এই শেয়ার স্কোরের ওপর ভিত্তি করেই মূলত চূড়ান্ত র্যাংকিং বা পজিশন নির্ধারিত হয়। র্যাংকিং অনুযায়ী, ৩৭টি গবেষণাপ্রবন্ধ ও ৬.৩৯ শেয়ার স্কোর নিয়ে দেশের গবেষণার শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
আরও পড়ুন: এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানী: তালিকায় বাকৃবি-বুটেক্স-আইসিডিডিআর,বি’র তিনজন, নেই মেডিকেল-বুয়েট-ঢাবির কেউ
একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি গবেষণা প্রবন্ধ নিয়ে ১.০৬ শেয়ার স্কোর পেয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তালিকায় থাকা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
আরও পড়ুন: দেশে স্বাস্থ্য ও জীববিজ্ঞান গবেষণার শীর্ষে আইসিডিডিআর,বি
চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত প্রতিষ্ঠানের মধ্যে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ (বিএমইউ), বেসরকারি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল এই তালিকায় রয়েছে।