১৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৭

এক প্রস্তুতিতেই ঢাবির সেরা বিভাগে শারিয়া, বললেন— সবচেয়ে বড় ভুল একই বিষয়ের জন্য একাধিক বই পড়া

শায়িরা মাশিয়াত  © সংগৃহীত ও সম্পাদিত

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থী একসঙ্গে একাধিক ইউনিটের জন্য পড়াশোনা করেন। কেউ আবার একই বিষয়ের জন্য একাধিক বই কিনে সেগুলো সেগুলো অনুসরণ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শায়িরা মাশিয়াতের অভিজ্ঞতা ছিল ভিন্ন। তিনি আলাদা করে একাধিক ইউনিটের প্রস্তুতি নেননি। একটি প্রস্তুতি নিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার মতে, একসঙ্গে একাধিক ইউনিটের পেছনে না ছুটে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেখানে পুরো সময় ও শ্রম দেওয়া উচিত। একই সঙ্গে প্রতিটি বিষয়ের জন্য একাধিক বই অনুসরণ না করে একটি ভালো বই অনুসরণ করার পরামর্শও দিয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।

একাধিক ইউনিটের প্রস্তুতি নেওয়া কতটা যুক্তিযুক্ত?
একাধিক ইউনিটের প্রস্তুতি নেওয়ার বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শায়িরা বলেন, আমি আলাদা করে একাধিক ইউনিটের প্রস্তুতি নিইনি। একটি প্রস্তুতি নিয়েই যত জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে, সব জায়গায় অংশ নিয়েছি। নিজের শতভাগ সময় ও শ্রম একটি লক্ষ্যে দিলে সেখান থেকে ভালো ফল পাওয়ার সুযোগ থাকে। কিন্তু একসঙ্গে একাধিক ইউনিটের প্রস্তুতি নিতে গেলে হয়তো দুটিতেই পরীক্ষা দেওয়া সম্ভব হবে, তবে পছন্দের বিষয় নাও পাওয়া যেতে পারে। তাই শুরুতেই নিজের পছন্দের ইউনিট বা লক্ষ্য ঠিক করে প্রস্তুতি নেওয়া ভালো। তবে একটি প্রস্তুতি নিয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে সমস্যা নেই।

একই বিষয়ের জন্য একাধিক বই পড়া কি ভুল?
আমার মনে হয়, ভর্তি প্রস্তুতিতে শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো একই বিষয়ের জন্য একাধিক বই পড়া। নিজের প্রস্তুতির সময় আমি বিষয়টি সেভাবে বুঝতে পারিনি। কিন্তু এখন বিভিন্ন জুনিয়র আমার কাছে পরামর্শ চাইলে তাদের প্রস্তুতির ধরন দেখে বিষয়টি বুঝতে পারি। অনেকেই একটি বইয়ের প্রতি স্থির থাকতে পারেন না। যেমন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি বইয়ে ১৯৭১ সালের যে তথ্য দেওয়া আছে, অন্য বইয়েও সাধারণত সেই তথ্যই থাকে। তাই একই বিষয়ের জন্য অনেক বই পড়ার প্রয়োজন নেই। কিছু ভালো বই আছে, আমি সেগুলোই সবাইকে পড়ার পরামর্শ দিই। প্রতিটি বিষয়ের জন্য একটি বই নির্বাচন করে সেটির প্রতি মনোযোগী থাকা উচিত।

পরীক্ষার্থীরা শেষ সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন?
আমার মনে হয়, যারা আগে থেকেই পড়াশোনা করছেন, তাদের জন্য শেষ সময়টা মূলত রিভিশনের। তবে অনেকে শেষ সময়ে এসে সিদ্ধান্ত নেন যে তারা কোনো একটি নির্দিষ্ট ইউনিটের প্রস্তুতি নেবেন। তাদের বলব, এক মাসের মধ্যে পুরো সিলেবাস অন্তত একবার শেষ করার চেষ্টা করা যায়। সময় কীভাবে চলে যায়, তা বোঝা যায় না। তাই হাতে থাকা সময়টুকু কাজে লাগানো জরুরি।

পরীক্ষার হলে এমসিকিউ ও লিখিত অংশের জন্য কৌশল কী ছিল?
আমার মনে হয়, দেড় ঘণ্টার পরীক্ষায় এমসিকিউ ও লিখিত অংশের মধ্যে সময় ভাগ করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউয়ের জন্য কত সময় রাখছি, আর লিখিত অংশের জন্য কতটা সময় প্রয়োজন, সেটি মাথায় রাখতে হবে। আমি নিজেও এই বিষয়টা অনুসরণ করেছি। আমার নিজের এমসিকিউ পরীক্ষা নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই শেষ হয়েছিল। ফলে লিখিত অংশের জন্য অতিরিক্ত ১০ মিনিট পেয়েছিলাম। এতে নির্ধারিত সময়ের মধ্যে পুরো পরীক্ষা শেষ করতে পেরেছিলাম। এটি আমার জন্য অনেক বড় সুবিধা ছিল, যা হয়তো সবাই নাও পেতে পারেন।

লিখিত অংশের প্রশ্ন নিয়ে আমার পর্যবেক্ষণ হলো, সেখানে খুব কঠিন প্রশ্ন করা হয় না। বরং শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তর শেষ করতে পারছেন কি না, সেটিও দেখা হয়। তাই এমসিকিউতে অতিরিক্ত সময় ব্যয় না করে লিখিত অংশের জন্য পর্যাপ্ত সময় রাখা উচিত।

আরও পড়ুন: ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে

এমসিকিউ নিয়ে কি কোনো আলাদা পরামর্শ দেবেন?
এমসিকিউতে উত্তর দেওয়ার ক্ষেত্রে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের শিক্ষকেরা বলে দেন, নির্দিষ্ট পরিমাণ নম্বর নিশ্চিত হয়ে গেলে আর নতুন করে উত্তর দাগানো উচিত নয়। আমিও এ পরামর্শ দেব। কোনো প্রশ্নের উত্তর একেবারেই জানা না থাকলে সেটি বাদ দেওয়াই ভালো। তবে দুটি বিকল্পের মধ্যে একটি সঠিক হওয়ার বিষয়ে ৫০-৫০ ধরনের দ্বিধা থাকলে আমার মনে হয়, উত্তর দেওয়া উচিত।

পরীক্ষার আগে কিভাবে মানসিক চাপ সামলেছেন?
আমার বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, তাদের অনেকেই পরীক্ষার আগে বেশ নার্ভাস ছিলেন। তবে আমার প্রস্তুতি ভালো ছিল বলে পরীক্ষা দেওয়ার সময় আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। এছাড়া নিজের উপর বিশ্বাস ছিল। আমি মনে করি, অন্যদের প্রস্তুতি দেখে মানসিক চাপে পড়ার কিছু নেই। ভর্তি পরীক্ষার ফলাফল অনেকাংশেই অনুমান করা কঠিন। কেউ হয়তো ১০০টি বিষয় পড়েছেন, কিন্তু সেখান থেকে ২০টি প্রশ্ন কমন পেয়েছেন। অন্যদিকে আরেকজন ৫০টি বিষয় পড়ে ৩০টি প্রশ্ন কমন পেতে পারেন। ভর্তি পরীক্ষার সময় এমনটা হয়। তাই কে কতটুকু পড়েছেন বা কে এগিয়ে আছেন, তা নিয়ে দুশ্চিন্তা না করে নিজের প্রস্তুতিতে মনোযোগী হওয়া উচিত। আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা জরুরি।

আরও পড়ুন: সবাই মেধাবী, চান্স পায় আত্মবিশ্বাসীরাই— ঢাবি ও রাবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও কেন জগন্নাথে আহনাফ

শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলে কী করণীয়:
আমি মনে করি, পছন্দের বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলে হতাশ হওয়ার কিছু নেই। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে। তাই বিকল্পের অভাব নেই। পছন্দের জায়গায় সুযোগ না পেলে শুরুতে অন্য কোথাও মানিয়ে নিতে কষ্ট হতে পারে। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। 

শায়িরা মাশিয়াত বলেন, আমাদের মধ্যে অনেকেরই ধারণা থাকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শুধু আনন্দ আর ঘোরাঘুরি। কিন্তু আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, তাই পড়াশোনার চাপও থাকবে। গত সপ্তাহ থেকে আমাদের প্রথম বর্ষের প্রথম টার্মের পরীক্ষা চলছে। অনেককেই পড়াশোনার চাপ নিয়ে অভিযোগ করতে দেখছি। তবে আমার কোনো আফসোস নেই। কারণ, আমি নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করছি। আর পছন্দের বিষয় নিয়ে পড়তে আমার ভালোই লাগে।

[সাক্ষাৎকারটি এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছিল]