২৫ অক্টোবর ২০২৬, ১১:৩১

ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, স্কুলে ‘বোমা আছে’ লিখে ছাত্রীর মেইলের পর তুলকালাম

দিল্লির এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের এক ছাত্রীর ইমেইল নিয়ে তোলপাড় শুরু হয়েছে  © আনন্দবাজার

স্কুলে যেতে ইচ্ছে করছিল না ছাত্রীর। এক দিন ছুটি দরকার ছিল তারা। তাই কিশোরী চেয়েছিল, স্কুল একদিন বন্ধ থাক। বুদ্ধি খাটিয়ে সে স্কুলের ইমেইল আইডিতে একটি বার্তা পাঠায়। লিখে দেয়, ‘স্কুলে বোমা রাখা আছে’! তদন্ত করে দু’দিনের মাথায় সেই ভুয়া ইমেলের প্রেরককে চিহ্নিত করেছে পুলিশ। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে কিশোরীর শাস্তি নিশ্চিত করা হবে।

অভিযুক্ত কিশোরী ভারতের দিল্লির লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের ছাত্রী। গত শুক্রবার (২৩ অক্টোবর) স্কুলে সে ইমেল পাঠায়। তার ‘সাবজেক্ট’ লাইনে লেখা ছিল, ‘আপনাদের বিল্ডিংয়ে বোমা রাখা আছে’। এ ধরনের ইমেল পেয়েই স্কুল কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। স্কুল দ্রুত খালি করে খবর দেওয়া হয় পুলিশকে। কিন্তু তল্লাশি চালানোর পরও কোনো বোমা পাওয়া যায়নি।

কয়েক সপ্তাহে দিল্লির একাধিক স্কুলে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এ কারণে লোধি রোডের ঘটনাটিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছিল পুলিশ। সাইবার শাখা এর তদন্ত শুরু করে। প্রযুক্তিগত খুঁটিনাটি বিশ্লেষণ করে এবং যাবতীয় ডিজিটাল নথি ও প্রমাণ যাচাই করে ইমেল প্রেরককে চিহ্নিত করা হয়। 

আরও খবর: সাঈদীর মামলার বাদীর কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন, নানা নাটকীয়তার পর দাফন

শনিবার পুলিশ জানিয়েছে, ভুয়া ইমেলের প্রেরক দিল্লির ওই স্কুলেরই এক ছাত্রী। প্রতিষ্ঠানটি এক দিন বন্ধ রাখতে চেয়েছিল সে। এ কারণে বোমাতঙ্ক ছড়ানোর সিদ্ধান্ত নেয়। কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আদায়ের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। 

আগে কখনও সে এমন কাজ করেছিল কি না, আর কোথাও এমন ইমেল করেছিল কি না, দিল্লির অন্য স্কুলগুলোতে বোমাতঙ্কের ঘটনার সঙ্গে তার কোনো যোগ রয়েছে কি না, সেসব খতিয়ে দেখা হচ্ছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্টে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। খবর: আনন্দবাজার।