২২ জুলাই ২০২৬, ০৯:০৭

রাহুল গান্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন

বাঁ থেকে শুরু কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান  © সংগৃহীত

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার অভিযোগ, রাহুল গান্ধী ও কংগ্রেস শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন। তারা নিট প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা এবং আগের দিন সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের ‘নৃশংসতার’ প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন।

সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের অভিযোগেরও প্রতিবাদ জানায় কংগ্রেস।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বিক্ষোভ ভেঙে দেয়। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর পর রাহুল গান্ধী ও কংগ্রেসকে লক্ষ্য করে এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, কংগ্রেস নির্লজ্জভাবে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা তৈরিই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করেছে এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়েছে।

আরও পড়ুন: ককরোচ আন্দোলনে গুরুতর আহত সেই তরুণীর অবস্থা সংকটাপন্ন   

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, বিক্ষোভ চলাকালে তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন। রাহুল তাকে জানিয়েছিলেন, প্রশ্নপত্র ফাঁস ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদে আলোচনা হলে বিক্ষোভ প্রত্যাহার করা হবে। কেন্দ্র সরকার আলোচনায় রাজি হওয়ার কথা জানালেও পরে কংগ্রেস নতুন দাবি তোলে বলে অভিযোগ করেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান একই ধরনের অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তিনি লেখেন, সরকার যখন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তুতির কথা জানিয়েছে, তখনও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজনৈতিক নাটক বেছে নিয়েছে। তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের সমস্যার সমাধান নয়, বরং রাজনৈতিক শিরোনাম তৈরির জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা।

তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধীর কাছে এটি শিক্ষার্থীদের বিষয় নয়। আলোচনার সব পথ খোলা থাকার পরও তিনি সংঘাত তৈরির রাজনীতি করছেন। নিট পরীক্ষা এবং শিক্ষার্থী ও তরুণদের উদ্বেগ নিয়ে সংসদে আলোচনা করতে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘ভারতের শিক্ষার্থীরা রাজনৈতিক প্রচারণার উপকরণ হওয়ার জন্য নয়। তারা অনিশ্চয়তার পরিবর্তে নিশ্চিত সমাধান, স্লোগানের পরিবর্তে কার্যকর সংস্কার এবং বিশৃঙ্খলার পরিবর্তে দায়িত্বশীলতা পাওয়ার অধিকার রাখে। শিক্ষার্থীদের ক্ষোভ নয়, উত্তর, সংস্কার ও জবাবদিহি দেওয়া সরকারের দায়িত্ব। সরকার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’ তথ্যসূত্র: এনডিটিভি