মার্কিন পাসপোর্টে নিজের ছবি যুক্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে সীমিত সংস্করণের একটি নতুন পাসপোর্ট উন্মোচন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন এই স্মারক পাসপোর্টের ভেতরের পাতায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি, স্বাক্ষর এবং স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ যুক্ত করা হয়েছে। আগামী ৬ জুলাই থেকে ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সির মাধ্যমে সীমিত সংখ্যায় এটি ইস্যু করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পাসপোর্টের নকশার কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, একটি পাতায় প্রেসিডেন্ট ট্রাম্পের তিন-চতুর্থাংশ দৈর্ঘ্যের একটি প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। ছবিতে তাকে হোয়াইট হাউসের রেজল্যুট ডেস্কের ওপর দুই হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দেখা যায়। পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ এবং নিচে রয়েছে তার স্বাক্ষর। ছবিটি ধারণ করেছিলেন হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরক। একই প্রতিকৃতি বর্তমানে স্মিথসোনিয়ানের ‘আমেরিকাস প্রেসিডেন্টস’ প্রদর্শনীতেও রয়েছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে ‘স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!’ যদিও তিনি যে ছবিগুলো প্রকাশ করেছেন, সেখানে ‘ওয়েলকাম, বাট বি গুড’ বাক্যটি দেখা যায়নি।
হোয়াইট হাউসও নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নতুন পাসপোর্টের ছবি শেয়ার করে এটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী স্মরণে এই সীমিত সংস্করণের স্মারক পাসপোর্ট তৈরি করা হয়েছে। আগামী ৬ জুলাই ২০২৬ থেকে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে এটি ইস্যু করা হবে এবং মজুত থাকা পর্যন্তই পাওয়া যাবে।
বর্তমানে এই পাসপোর্টের সুযোগ শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্য সীমাবদ্ধ। অনলাইন বা ডাকযোগে এটির জন্য আবেদন করা যাবে না। আবেদনকারীদের ওয়াশিংটন ডিসির পাসপোর্ট এজেন্সিতে সরাসরি উপস্থিত হয়ে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া স্মারক পাসপোর্টের জন্য নির্ধারিত বিশেষ গ্রহণ কার্যক্রমেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। বর্তমানে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ ধরনের দুটি বিশেষ আয়োজনের তথ্য রয়েছে, যা দুটিই ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আরও অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হলে সেগুলো তালিকায় যুক্ত করা হবে।
আরও পড়ুন: ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন বাংলাদেশের সাবেক এমপি ডা. প্রাণ গোপাল
যারা ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি আবেদন করবেন, তারা এই বিশেষ সংস্করণের পরিবর্তে সাধারণ পাসপোর্ট বেছে নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য দেয়নি মার্কিন প্রশাসন।
বর্তমান মার্কিন পাসপোর্টে চাঁদে অবতরণ, স্ট্যাচু অব লিবার্টিসহ যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন দৃশ্য ব্যবহার করা হয়। তবে নতুন স্মারক সংস্করণে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতিকে কেন্দ্রীয়ভাবে তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর প্রথম এপ্রিলে এই স্মারক পাসপোর্টের ঘোষণা দিয়েছিল। তবে চূড়ান্ত সংস্করণের নকশায় কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক নকশায় কেবল ট্রাম্পের মুখাবয়ব ছিল এবং তার স্বাক্ষর ছিল সোনালি রঙে। সেখানে ‘২৫০’ সংখ্যাটিও ছিল না। চূড়ান্ত সংস্করণে তার পূর্ণাঙ্গ প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে, স্বাক্ষর কালো রঙে রাখা হয়েছে এবং পেছনের কভারে ‘ফ্রিডম টু ফিফটি’ লেখা সোনালি পতাকার নকশা যুক্ত করা হয়েছে। এছাড়া ‘২৫০’ সংখ্যাও সোনালি রঙে সংযোজন করা হয়েছে।
ট্রাম্পের প্রতিকৃতির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ ব্যবহার করা হয়েছে। বিপরীত পাতায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি দৃশ্য, যা শিল্পী জন ট্রাম্বুলের বিখ্যাত চিত্রকর্মের অনুসরণে তৈরি। মূল চিত্রকর্মটি বর্তমানে ইয়েল ইউনিভার্সিটি আর্ট গ্যালারিতে সংরক্ষিত রয়েছে।
এটি প্রথমবারের মতো কোনো দায়িত্বে থাকা জীবিত মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের পাসপোর্টে যুক্ত হওয়ার ঘটনা।
শুধু পাসপোর্টই নয়, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রা তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে ইউএস মিন্ট। পাশাপাশি তিনি দায়িত্বে থাকা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যার স্বাক্ষর যুক্তরাষ্ট্রের ব্যাংকনোটেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সরকারি নথি ও প্রতিষ্ঠানে নিজের নাম ও প্রতিকৃতি যুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্প এর আগে ওয়াশিংটনের কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে নিজের নাম যুক্ত করার চেষ্টা করেছিলেন, যদিও পরে তা সরিয়ে নেওয়া হয়। এছাড়া প্যারিসের আর্ক দ্য ত্রিয়ঁফের আদলে ওয়াশিংটনে ‘আর্ক ডি ট্রাম্প’ নামে একটি বিশাল বিজয়তোরণ নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি। তথ্যসূত্র: বিবিসি, সিএনএন