২০ জুলাই ২০২৬, ১৩:৪৭

১৫ জেলায় বাড়ছে নদীর পানি, ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান সম্প্রতি বন্যার পানিতে প্লাবিত হচ্ছে  © ফাইল ছবি

দেশের অন্তত ১৫টি জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পানি বিপৎসীমার ওপরে বা কাছাকাছি অবস্থান করছে। এতে এসব জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার পানিতে প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (২০ জুলাই) কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে তিনটি নদী তিন জেলার চারটি স্টেশনে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদী ছাতক (সুনামগঞ্জ) ও সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী একদিন দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বন্যা সতর্কতায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ হতে ৪৮ ঘণ্টায় নদীসমূহ কিছু স্থানে বিপৎসীমার ওপর প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীসমূহ কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা উদ্ভুত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীসমূহ শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়; এবং সারিগোয়াইন, যাদুকাটা নদীসমূহ সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা উদ্ভুত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

আরও পড়ুন: এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারণে আজ ডিসিদের সঙ্গে বসছে আন্তঃশিক্ষা বোর্ড

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রংপুর এবং রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী, আত্রাই ও ঘাঘট নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে করতোয়া ও ছোট যমুনা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে হালদা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে ও মাতামুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী এক দিন বৃদ্ধি ও পরবর্তী দুদিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।