বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হলো লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ বুধবার আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: দেশের প্রায় অর্ধেকই তরুণ, কর্মক্ষমদের প্রায় ৪ কোটি এখনো কর্মের বাইরে
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে আবহাওয়া অধিদপ্তর।