তিন বিভাগে তাপপ্রবাহ থাকবে কয়দিন, বৃষ্টি হবে কবে থেকে—জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের তিন বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ আগামীকাল বুধবার (৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরপর ৪ ও ৫ জুন দেশে বৃষ্টি প্রবণতা কিছুটা বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহটি আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ৪ ও ৫ জুন সারাদেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এ কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ ভাগ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: সবচেয়ে বেশি ছুটি খান ঢাবি শিক্ষার্থীরা, দ্বিতীয় কলেজ, তৃতীয় মাদ্রাসা— কারা আছে শীর্ষ তালিকায়?
আগামী ৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে বৃষ্টি প্রবণতা কিছুটা বাড়তে পারে, যে কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানানো হয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বার্তায় বলা হয়েছে, নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস পেতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ ফলো করতে হবে। বিএমডি ওয়েবসাইটেও তথ্য পাওয়া যাবে। এছাড়াও আবহাওয়ার তথ্য পেতে টোল-ফ্রি নম্বর ১০৯০-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।