১৯ মে ২০২৬, ১১:৪৭

ঢাকাসহ চার বিভাগে সপ্তাহজুড়ে থাকবে তাপপ্রবাহ, ১৬ জেলার জন্য বিশেষ সতর্কবার্তা

চার বিভাগে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি  © ফাইল ছবি

রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এক সপ্তাহ ধরে এমন আবহাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানানো হয়েছে। সোমবার (১৮ মে) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে ১৬ জেলার জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে যখন সক্রিয় আছে বৃষ্টি বলয় তখন দেশের দক্ষিনাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃদ্ধি পেয়েছে গরমের তীব্রতা। উত্তরাঞ্চলে বৃষ্টি আরো কিছুদিন চলার সম্ভাবনা থাকলেও খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের জেলাগুলোতে বৃষ্টি খুব কম থাকতে পারে আগামী দিনগুলোতে। এসময় মাঝেমধ্যে ২-১ দিন বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও দিনের অধিকাংশ সময়েই কড়া রোদের উপস্থিতির কারণে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সৃষ্টি করতে পারে, যা ইতোমধ্যেই কিছুকিছু স্থানে শুরু হয়েছে।

এ মাসের প্রায় ২৭ তারিখ বা তার বেশি সময় পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টি তুলনামূলক খুব কম হতে পারে এবং অধিকাংশ সময়েই দিনে রোদ থাকবে। ফলে বাড়বে গরমের তীব্রতা। 

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও এর আশেপাশের কিছু জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। এসব জেলায় তাপমাত্রা থাকতে পারে ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ২-১ জায়গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রির বেশি পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠানের কর্মী আনার সিদ্ধান্তে বিতর্ক

এছাড়া টাঙ্গাইল,মাদারীপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা,ঝালকাঠি, পিরোজপুর, কুমিল্লা, ফেনী, ঢাকা, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি ও এর আশেপাশের কিছু জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

এতে উল্লেখ করা হয়েছে, প্রাকৃতিক কারণে উল্লেখিত জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হতেপারে। তাই সতর্ক থাকবেন। কারণ এ সময় প্রচুর ভ্যাপসা গরম অনুভব হতে পারে। তাই বেশি বেশি পানি পান করবেন। তুলনামূলক ঠান্ডা ও শীতল স্থানে থাকবেন। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কড়া রোদ এরিয়ে চলুন এবং তুলনামূলক ঠান্ডা স্থানে থাকুন।

দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ থাকলেও মাঝেমধ্যে হঠাৎ বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতেপারে ২-১ দিন বা ২-৩ দিন পর পর। তখন সাময়িক কিছুটা গরম কমতে পারে। তাছাড়া উত্তরাঞ্চলে নিয়মিত রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় ওদিকে তেমন তাপপ্রবাহ সক্রিয় হওয়ার সম্ভাবনা কম।