ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, যা জানাল অধিদপ্তর
চলতি মে মাসের শেষ দিকে উদযাপিত হতে যাওয়া ঈদুল আজহার সময় দেশে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর প্রবল শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় অর্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। একই সময়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞ কমিটির সভায় জানানো হয়েছে।
বিভাগভিত্তিক পূর্বাভাসের তথ্যমতে, এই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে যেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৪০ থেকে ৩৬০, চট্টগ্রাম বিভাগে ৩৩০ থেকে ৩৫০, রংপুর বিভাগে ২৬০ থেকে ২৮০ এবং ঢাকা বিভাগে ২৫০ থেকে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগে ২২০ থেকে ২৫০, রাজশাহী বিভাগে ১৭০ থেকে ১৯০ এবং খুলনা বিভাগে ১৬০ থেকে ১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এ মাসে দেশে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে যার মধ্যে অন্তত ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম
আবহাওয়াবিদদের মতে গত এপ্রিল মাসেও সারাদেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগে স্বাভাবিক ১১৯ মিলিমিটার বৃষ্টির বিপরীতে রেকর্ড করা হয়েছে ২১৩ মিলিমিটার এবং সিলেটে স্বাভাবিক ২৯৫ মিলিমিটারের বিপরীতে ৬০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিশোরগঞ্জের নিকলীতে গত ২৮ এপ্রিল দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির পাশাপাশি এপ্রিলে কয়েক দফা তাপপ্রবাহও বয়ে গেছে যার মধ্যে গত ২২ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঈদের দিনের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম চলায় ঝড়-বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। মে মাসের শেষের দিকে দেশের দুই-একটি অঞ্চলে বৃষ্টির আভাস থাকলেও ঠিক কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হবে তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।