দুমাস ধরে ৪ ছাত্রদল কর্মী শনাক্তের কথা বলছে ঢাবি, নাম জানাল না এবারও
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনের শাস্তি নির্ধারণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের শাস্তির মাত্রা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে শৃঙ্খলা পরিষদকে। তবে এবারও অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। হামলায় জড়িত সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চারজনের বিরুদ্ধে শাস্তির সুপারিশের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত রাতে সিন্ডিকেট সভা শেষ হয়েছে এবং বর্তমানে সভার কার্যবিবরণী (রেজুলেশন) তৈরির কাজ চলছে।’
তিনি বলেন, ‘রেজুলেশন চূড়ান্ত হওয়ার পর তাতে উপাচার্যের স্বাক্ষর সম্পন্ন হলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে।’ এর আগে তথ্য ও ভাষা চূড়ান্ত না করে জড়িতদের পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।
গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের একদল নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হন।
এর আগে সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘তদন্ত কমিটি সাংবাদিকদের ওপর হামলায় জড়িত চারজনকে চিহ্নিত করেছে। সিন্ডিকেট তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাদের শাস্তি নির্ধারণের জন্য শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে।’
তিনি আরও বলেন, শৃঙ্খলা পরিষদ অপরাধের ধরন বিবেচনায় শাস্তি নির্ধারণ করে সিন্ডিকেটে সুপারিশ পাঠাবে। পরে সিন্ডিকেট সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। হামলায় জড়িত চারজনের নাম জানতে চাইলে উপাচার্য বলেন, ‘এই মুহূর্তে মনে নেই।’
উপাচার্য বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
সোমবার বিকেল ৫টায় শুরু হওয়া সিন্ডিকেট সভা রাত ১১টার দিকে শেষ হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৬ অক্টোবর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবেদন জমা দেয়বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনার পর তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ৫ মাসের বেশি সময় পর এটি জমা দেওয়া হয়। এর দেড় মাসেরও বেশি সময় পর শাস্তি নির্ধারণের সুপারিশ করা হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি যাচাই-বাছাই করে জড়িতদের খুঁজে বের করেছেন। সমিতির পক্ষ থেকে হামলাকারী ১০ জন ও উষ্কানিদাতা ৮ জনসহ অজ্ঞাতনামা ৪ জন ছাত্রদলের নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকার কথা বলা হয়েছিল। তবে হামলাকারী ও উস্কানিদাতা ৮ থেকে ১০ জন হতে পারে বলে তখন জানানো হয়েছিল।
যদিও তদন্ত কমিটি এ ঘটনায় জড়িত ৪-৫ জনকে খুঁজে পেয়েছে। তবে জড়িতদের নাম-পরিচয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেউ গণমাধ্যমে সরাসরি মুখ খোলেননি। সোমবারের সিন্ডিকেটের পরও এ বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। ফলে হামলায় জড়িতদের নাম জানা সম্ভব হয়নি।
আরও খবর: এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের একদল নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী প্রক্টর মাহবুব কায়সারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও নির্ধারিত সময়ে তা জমা পড়েনি। দীর্ঘ পাঁচ মাস পর গত ৬ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
সাত মাস পর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট চারজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। তাদের শাস্তি নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেটে জমা দেওয়ার পর চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা যায়।