ঢাবির পকেট গেইট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়ক সংলগ্ন পকেট গেইট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (২১ নভেম্বর) রাত ১০টায় হল পাড়ায় জমায়েত হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
তাদের অভিযোগ, গেইটটি বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সেটি খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় মুজিব হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের সামনেই ভুয়া ভুয়া স্লোগান দেন।
আরও পড়ুন: ৫ মিনিটের পথ পাড়ি দিতে লাগে আধা ঘণ্টার বেশি, ভোগান্তিতে ঢাবির হাজারো শিক্ষার্থী
উল্লেখ্য, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হল পাড়াসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর বাইরে যাতায়াতের সবচেয়ে সহজ ও প্রধান পথ এই পকেট গেইট। টিউশনিতে যাতায়াত, জরুরি মুহূর্তে ওষুধ ও খাবার সংগ্রহ কিংবা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটাসহ প্রতিদিনের নানা কাজে এই পথটিই শিক্ষার্থীদের প্রধান ভরসা। আগে গেইটটি খোলা থাকায় কাটাবন মার্কেট, আজি সুপার মার্কেট, পিজি হাসপাতাল কিংবা শাহবাগ থেকে আসা যানবাহনগুলো সরাসরি গেইটের সামনেই শিক্ষার্থীদের নামিয়ে দিত। ফলে নিজ হলে প্রবেশ করতে তাদের বাড়তি কোনো সময় বা অর্থ ব্যয় হতো না। সর্বোচ্চ ৫ মিনিটেই যাওয়া-আসা করা যেত।
কিন্তু গেইটটি বন্ধ করে দেওয়ায় এখন শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন, মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছে। এতে প্রতিবার যাওয়া-আসায় অতিরিক্ত প্রায় ৬০-৮০ টাকা রিকশাভাড়া গুনতে হচ্ছে। আর বাড়তি খরচ বাঁচাতে হাঁটতে গেলে প্রতিবার যাওয়া-আসায় অতিরিক্ত আধা ঘণ্টার বেশি সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে শিক্ষার্থীদের।