জাবিতে ক্যাবল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাবল চুরির অভিযোগে সুজন চকিদার নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ ফেলানী খাতুন হলের পেছনের ঝোপঝাড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় চুরির মামলার প্রস্তুতি চলছে।
আটক সুজন চকিদার বরিশাল জেলার মুলাদী থানার বাহাদুরপুর গ্রামের সন্টু চকিদারের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) সঙ্গে নিয়ে নিরাপত্তা শাখার কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তদারকি করছিলেন। এ সময় স্কুল-কলেজ মাঠসংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে নিরাপত্তা শাখার কর্মকর্তা জহির শহীদ ফেলানী খাতুন হলের পেছনের ঝোপঝাড়ে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন। পরে বিষয়টি নিরাপত্তা শাখাকে জানানো হয়।
খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে ক্যাবল পেঁচানো অবস্থায় ওই যুবককে দেখতে পান। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা ধাওয়া করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: দেশে ২৫ ধরনের প্রতিষ্ঠানে চলছে প্রাথমিক
আটকের পর তার কাছ থেকে বেশ কিছু ক্যাবল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামালসহ তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে নেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারকে অবহিত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, পরে আটক যুবককে উদ্ধার করা মালামালসহ আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় আশুলিয়া থানায় চুরির মামলার প্রস্তুতি চলছে।