১২ অক্টোবর ২০২৬, ১৮:৩০

সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গেছে

মো. মোহাইমিনুল ইসলাম  © ফাইল ফটো

আবাসিক হলের নিজ কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হওয়ার একদিন পর পাওয়া গেছে।

আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান তার ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘‘আলহামদুলিল্লাহ। মোহাইমিনকে পাওয়া গিয়েছে।’’

মোহাইমিনুল কুমিল্লার দাউদকান্দিতে অবস্থান করছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ফেরদৌস আল হাসান।

‎‎তিনি বলেন, মোহাইমিনুল অন্য একজনের ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে তার বিভাগের ৪৯তম ব্যাচের সিনিয়র শাহীনকে ফোন করে জানান, তিনি কুমিল্লার দাউদকান্দিতে আছেন। পরে তারা লোকজন পাঠিয়ে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‎ফেরদৌসের একটি পোস্ট থেকে বিষয়টি জানতে পারি। ফেরদৌস আমাদের পিআরওকেও বিষয়টি জানিয়েছিলেন, যাতে তিনি প্রশাসনকে অবহিত করেন। তার বড় ভাইদের সঙ্গে তার অবস্থানের বিষয়টিও প্রশাসনকে জানানো হয়। এভাবেই আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই।

তিনি বলেন, ‎আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেছে। আমি মনে করি, এটি আমাদের সবার একটি অর্জন। তাকে সুস্থ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসার পর তার সঙ্গে কথা বলে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে। একই সঙ্গে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করারও আমরা চেষ্টা করব।

আরও পড়ুন: সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাইমিনুল, টেবিলে ঋণের তালিকা

এর আগে গতকাল রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বার্তায় বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য অবগত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার সুইসাইড নোটে উল্লিখিত বিভাগের অবহেলার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।