জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজান (৬৩) নামে এক বহিরাগতকে গাঁজাসহ আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যদের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করেছেন জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী। তার দাবি, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চিশতী বলেন, ‘জাকসু ও প্রশাসনের সমন্বয়ে দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তির কাছ থেকে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
আরও খবর: ঢাবির এফএইচ হলের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ, নির্যাতনের বর্ণনা দিলেন ভুক্তভোগীর বন্ধু
জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, ক্যাম্পাসের বিভিন্ন হলে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এ কারণে নিরাপত্তা শাখার সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
তিনি দাবি করেন, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জাকসুর ‘জিরো টলারেন্স’ অবস্থান অব্যাহত থাকবে এবং প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসকে মাদকমুক্ত করার প্রচেষ্টা চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম পুলিশ পরিচালনা করবে।’