১২ জুন ২০২৬, ১৭:৪৪

দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য

রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম  © সংগৃহীত

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সর্বোত্তম চর্চাসমূহ, অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা এবং বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রাবি উপাচার্যসহ বাংলাদেশের ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমন্বয়ে গঠিত এক প্রতিনিধিদলের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এই সফরকালে রাবি উপাচার্যসহ প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেলবোর্ন, মোনাস, গ্রিফিথ, নিউসাউথ ওয়েলস ও উলংগং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে কর্মশালা ও দলবদ্ধ আলোচনায় অংশ নিবেন। এসব আলোচনায় তিনি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ব্যবস্থাপনা ও সেখানে উত্তম অনুশীলন চর্চার বিষয়সহ উচ্চশিক্ষার মানোন্ননে প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখবেন ও মতবিনিময় করবেন। 

আরও পড়ুন: অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগ, প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবি শিক্ষক সমিতির

এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, এই সফর থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে। 

তিনি মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা উচ্চশিক্ষা খাতকে আরও গতিশীল, সুশাসিত এবং বৈশ্বিক মানসম্পন্ন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।