০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০

ঢাবির আরও একদিনের সব পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হলো। 

স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগবা ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে। অধিভুক্ত, উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণের বর্ধিত সময় শেষ আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চার দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একদিন পরীক্ষা স্থগিতের এ সিদ্ধান্ত জানানো হলো।

আগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ছুটি থাকবে। তবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।