২৩ মে ২০২৬, ১৮:২৭

ইউজিসি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিজিএ-মন্ত্রণালয়ে চিঠি

ইউজিসি ও জমা দেওয়া চিঠি  © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৫৭ কর্মকর্তার পদোন্নতি ও অডিট আপত্তি নিয়ে করা দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজের সূত্র ধরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিজিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি মুকুল হোসেন নামে এক শিক্ষা অনুরাগী ও কলামিস্ট এ চিঠি পাঠান।

চিঠিতে তিনি বলেছেন, ‘গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে দ্য ডেইলি ক্যাম্পাস কর্তৃক প্রকাশিত সংবাদ “নিষ্পত্তি হয়নি অডিট আপত্তি, ইউজিসি কর্মকর্তাদের ফেরত দিতে হবে সাড়ে ৭ কোটি টাকা” সহ ‘ইউজিসির ৫৭ কর্মকর্তার পদোন্নতি বিতর্ক-অডিট আপত্তি” যেখানে ২০২৪ সালের ২৩ অক্টোবর ছয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে ওই বছরের ১৮ নভেম্বর প্রায় ৫৭ জন কর্মকর্তাকে নিয়ম বর্হিভূত পদোন্নতি দেওয়া হয়েছিলো।

উক্ত কর্মকর্তাদের সবাই চাকরিতে যোগদানের পরে থেকে এই যাবৎ যত পদোন্নয়ন পেয়েছেন সবকিছুই গায়ের জোর এ, এবং তাদের অনেকের পদই বর্তমানে সহকারী পরিচালক বা প্রশাসনিক কর্মকর্তা। কারণ, পদোন্নয়ন মূলত মূল পদ ধরে দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিভাবে চাকুরিতে অতিরিক্ত পরিচালক কিংবা উপ-পরিচালক এর সুযোগ-সুবিধা ও বেতন পান সেটাই ভাবার বিষয়।’

এতে বলা হয়, ‘যেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চাকরি প্রবিধানমালা ১৯৮৭-এর ১৯ ধারা (পদোন্নতি) অনুযায়ী, ‘উপপ্রবিধান (২)-এর বিধান সাপেক্ষে, কমিশনের প্রথম শ্রেনির সকল পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হইবে। তাদের মূল পদ এ ফিরিয়ে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি এবং যতো দ্রুত সম্ভব তাদের বেতন মূল পদে ফিরিয়ে নিয়ে এতদিন অবৈধ যে বেতন-ভাতা তারা পেয়েছে তা কর্তনপূর্বক সরকারি কোষাগারে জমা প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য মহোদয় আপনার নিকট আবেদন করছি।’

চিঠিতে আরও বলা হয়, ‘উল্লিখিত কর্মকর্তাদের তালিকা ও বর্তমান বেতনসহ সকল প্রয়োজনীয় তথ্য আপনার নিকট প্রেরণ করা হলো। আপনি ব্যর্থ হলে দেশের সকল চ্যানেল আপনার ব্যর্থতাকে নিয়ে রির্পোট করবে। অনতি বিলম্বে, তাদের বেতন বন্ধ করে কর্তনপূর্বক তাদেরকে দেশের স্বার্থে মূল পদে ফিরিয়ে নিতে আপনার মর্জি হয় ।’