এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাত্র ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করে মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার বা প্রায় ৪ লাখ টাকা আয় করার সুযোগ পাচ্ছেন ভিডিও নির্মাতারা। ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের এ কর্মসূচিতে ৩০ দিনের মধ্যে পৃথক ১৫টি দিনে অন্তত একটি করে ভিডিও পোস্ট করতে হবে। তবে এ সুযোগ সবার জন্য নয়। আপাতত এক্সের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া নির্বাচিত নির্মাতারাই এতে অংশ নিতে পারবেন।
ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি ভিডিও নির্মাতাদের মৌলিক কনটেন্ট প্রকাশে উৎসাহিত করতে এ কর্মসূচি চালু করেছে। সাধারণ মনিটাইজেশন কর্মসূচির মতো এখানে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক পাওয়ার শর্ত নেই। তবে নির্ধারিত নিয়ম মেনে চলার পাশাপাশি এক্সের মূল্যায়ন ও নির্বাচনপ্রক্রিয়া পার হতে হবে।
৩০ দিনে ১৫টি ভিডিও পোস্ট করতে হবে
ভিডিও কিকস্টার্ট বোনাস পেতে নির্মাতাদের ৩০ দিনের মধ্যে অন্তত ১৫টি পৃথক দিনে একটি করে মৌলিক ভিডিও পোস্ট করতে হবে। একই দিনে একাধিক ভিডিও পোস্ট করলেও তা ১৫ দিনের শর্ত পূরণ করবে না।
ভিডিওর দৈর্ঘ্য ও ফরম্যাট যেমন হতে হবে
ভিডিওগুলো খাড়াভাবে বা ভার্টিক্যাল ফরম্যাটে ধারণ করতে হবে। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের কম। কনটেন্ট অবশ্যই মৌলিক হতে হবে এবং অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক বা লোগো থাকা যাবে না।
আরও পড়ুন: মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কারা পাবেন
নির্মাতারা চাইলে ফেসবুক, ইউটিউব বা টিকটকে আগে প্রকাশ করা নিজেদের তৈরি ভিডিও এক্সে পোস্ট করতে পারবেন। তবে সেসব ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকলে চলবে না। অন্যের তৈরি ভিডিও পুনরায় পোস্ট করেও এ কর্মসূচির আওতায় বোনাস পাওয়া যাবে না।
ভিউ বা লাইক পাওয়ার নির্দিষ্ট শর্ত নেই
সাধারণ মনিটাইজেশন কর্মসূচিতে ভিডিওর দর্শকসংখ্যা বা এনগেজমেন্ট আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভিডিও কিকস্টার্ট বোনাসে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক পাওয়ার শর্ত নেই। নির্ধারিত নিয়ম মেনে ভিডিও প্রকাশ করলেই বোনাস পাওয়ার সুযোগ তৈরি হবে। তবে অর্থপ্রাপ্তি এক্সের চূড়ান্ত মূল্যায়ন ও নির্বাচনপ্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
যেভাবে আবেদন করবেন
এ কর্মসূচিতে অংশ নিতে এক্সের আমন্ত্রণ পেতে হবে। আমন্ত্রণ পাওয়া নির্মাতারা প্ল্যাটফর্মটির ‘ক্রিয়েটর স্টুডিও’র ‘প্রোগ্রামস’ বিভাগ থেকে নিবন্ধন করতে পারবেন। আগ্রহী নির্মাতারা নিজেদের অ্যাকাউন্টে এ-সংক্রান্ত আমন্ত্রণ এসেছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে পারেন।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কর্মসূচি ভবিষ্যতে আরও নির্মাতার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি এক্স।