২৭ আগস্ট ২০২৬, ১৪:৪৯

বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং

তিয়াংগং আল্ট্রা রোবট  © সংগৃহীত

চীনের মানবসদৃশ রোবট তিয়াংগং আল্ট্রা ১০০ মিটার দৌড়েছে মাত্র ৮ দশমিক ৮৬ সেকেন্ডে। বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে এই সময় নিয়ে রোবটটি নিজের আগের রেকর্ড ভেঙেছে। একই সঙ্গে সময়টি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ডের চেয়ে ০ দশমিক ৭২ সেকেন্ড কম। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে বড় আকৃতির রোবট বিভাগের সেমিফাইনালে এই রেকর্ড গড়ে তিয়াংগং আল্ট্রা। এর আগে উদ্বোধনী দিনের দৌড়ে রোবটটি ৯ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে নিজের সেই রেকর্ড আরও উন্নত করেছে এটি।

তিয়াংগং আল্ট্রা তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। গত বছরের প্রথম বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে ১০০ মিটার দৌড়ে তিয়াংগংয়ের সময় ছিল ২১ দশমিক ৫০ সেকেন্ড। অর্থাৎ এক বছরের ব্যবধানে রোবটটির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

এবারের বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের দ্বিতীয় আসরে ৬৬৬টি দলের দুই হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নিচ্ছে। দৌড়ের পাশাপাশি ফুটবল, নৃত্য, শিল্পকারখানার বিভিন্ন কাজসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

আরও দেখুন: ভুল সিদ্ধান্তে থমকে যেতে পারে ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে যেসব সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ

তিয়াংগংয়ের রেকর্ড গড়া দৌড়ের শেষটিও ছিল নাটকীয়। ১০০ মিটার শেষ করার পর গতি থামাতে ফিনিশ লাইনের বাইরে রাখা মোটা ম্যাটে গিয়ে আঘাত করে রোবটটি পড়ে যায়। এরপর এর শরীরের অংশ থেকে ছোট আগুন ও স্ফুলিঙ্গ দেখা যায়। অন্য একটি সেমিফাইনালে দৌড়ের মাঝপথেই একটি রোবটের বিভিন্ন অংশ খুলে পড়ে। 

এদিকে, চীনের স্মার্টফোন নির্মাতা অনরের রোবট লাইটনিংও ৯ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে বোল্টের মানব বিশ্ব রেকর্ডের চেয়ে দ্রুত দৌড়েছে। এর আগে পরীক্ষামূলক দৌড়ে লাইটনিং ৯ দশমিক ৩২ সেকেন্ড সময়ও করেছিল। 

বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তথ্য অনুযায়ী, তিয়াংগং রোবটগুলো ইতোমধ্যে মানুষের চারটি বিশ্ব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৪০০ মিটার দৌড়ে ৩৮ দশমিক ১৫ সেকেন্ড, ১ হাজার ৫০০ মিটারে ২ মিনিট ২১ দশমিক ৬৪ সেকেন্ড এবং উচ্চ লাফে ২ দশমিক ৮৮ মিটারের রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে। 

চীন হিউম্যানয়েড রোবটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প হিসেবে বিবেচনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মোটর ও সেন্সর প্রযুক্তির অগ্রগতি কাজে লাগিয়ে উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ও সেবা খাতে এসব রোবটের ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে দেশটির।

আরও দেখুন: কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী

উল্লেখ্য,  জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ২০০৯ সালে ১০০ মিটার দৌড়ে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। এখনো পুরুষদের ১০০ মিটার দৌড়ে এটিই বিশ্ব রেকর্ড। তিনি ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলেতে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। তথ্যসূত্র: আল জাজিরা।