হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত হবেন যেভাবে
অনলাইন মিটিং, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রয়োজনীয় অনেক কাজ করতে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলের প্রয়োজন হয়। কিন্তু সমস্যায় পড়তে হয় বন্ধু বা সহকর্মীকে হোয়াটসঅ্যাপে কলে যুক্ত করতে গিয়ে। দেখতে হয় তার অ্যাকাউন্ট আছে কি না। তবে এখন অ্যাকাউন্ট আছে কিনা তা নিয়ে ভাবতে হবে না।
নতুন গেস্ট কলিং সুবিধায় শুধু একটি লিংক পাঠালেই অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়া যাবে। সম্প্রতি নিজেদের ব্লগে এ সুবিধার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধায় অতিথিরা বিনা মূল্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাসহ কলে অংশ নিতে পারবেন। অর্থাৎ, কলের কথোপকথন সুরক্ষিত রাখতে এনক্রিপশন ব্যবস্থাও থাকবে। কল চলাকালে নির্দিষ্ট সময় পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতে সমস্যায় পড়তে হবেনা।
যেভাবে যুক্ত হবেন
এ সুবিধা ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাবে যেতে হবে। এরপর ‘+’ আইকনে ক্লিক করে একটি কল লিংক তৈরি করতে হবে। সেই লিংক যাদের সঙ্গে কথা বলতে চান, তাদের কাছে শেয়ার করলেই হবে। যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তিনিও কম্পিউটারের ব্রাউজারে লিংকটি খুলে নিজের নাম লিখে কলে যোগ দেওয়ার অনুরোধ জানাতে পারবেন।
যদিও কলের আয়োজক অনুমতি না দেওয়া পর্যন্ত তিনি যুক্ত হতে পারবেন না। আয়োজক চাইলে যেকোনো সময় কোনো অতিথিকে কল থেকে সরিয়েও দিতে পারবেন। এই সুবিধায় একক কলের পাশাপাশি সর্বোচ্চ ৩২ জনকে নিয়ে গ্রুপ কলেও যুক্ত হওয়া যাবে। তবে কলের লিংক তৈরি করতে হলে আয়োজকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে।
কলের সময় যেসব সুবিধা পাওয়া যাবে
গেস্ট কলেও কয়েকটি প্রয়োজনীয় সুবিধা ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে কম্পিউটারের পর্দা অন্যদের সঙ্গে শেয়ার করা, থাম্বস আপ বা হার্ট ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো এবং কথা বলার জন্য হাত তোলার সুবিধা। ফলে অনলাইন আলোচনা, পড়াশোনা কিংবা কাজের প্রয়োজনে অন্যদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে।
আরও খবর: একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়েও কিছু বিধিনিষেধ রয়েছে। তারা কলের অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না, বার্তা পাঠাতে পারবেন না কিংবা নিজেরা সরাসরি অন্য কাউকে কলে যুক্ত করতে পারবেন না।
ক্যালেন্ডার থেকেও কল তৈরির সুবিধা আসছে
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে গুগল ও আউটলুক ক্যালেন্ডারের সঙ্গে নতুন সংযোগসুবিধা চালু করা হবে। এর মাধ্যমে ক্যালেন্ডার থেকেই হোয়াটসঅ্যাপ কল তৈরি করে আমন্ত্রণ পাঠানো যাবে। এ জন্য হোয়াটসঅ্যাপ প্লাগইন ইনস্টল করে অ্যাকাউন্ট যুক্ত করতে হবে।
আমন্ত্রিত ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, তিনি লিংকের মাধ্যমে কলে যোগ দিতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কলিং সুবিধাকে আরও সহজলভ্য করার অংশ হিসেবে গেস্ট কলিং ও ক্যালেন্ডার সংযোগসুবিধা আনা হচ্ছে।