এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
বর্তমান সময়ে প্রযুক্তির বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি আমাদের দৈনন্দিন কাজকে সহজতর করে দিচ্ছে। শুরুতে প্রযুক্তি বেশ জটিল হলেও এখন ধীরে ধীরে এতে সবাই অভ্যস্ত হয়ে যাচ্ছে। ঠিক এমনই নতুন এআই দিয়ে ছবি তৈরি ও সম্পাদনার নতুন টুল ‘গুগল পিকস’ চালু করেছে গুগল। ছবি তৈরি, নির্দিষ্ট অংশ পরিবর্তন, ছবির ভেতরের লেখা সম্পাদনা ও অনুবাদসহ বিভিন্ন সুবিধা থাকছে নতুন এই টুলে। পাশাপাশি তৈরি করা ছবিতে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগও মিলবে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, গুগল ওয়ার্কস্পেস-এর ছবি তৈরি ও সম্পাদনার এই টুলটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহক এবং অধিকাংশ ওয়ার্কস্পেস বিজনেস গ্রাহকের জন্য চালু করা হবে।
গুগল পিকস তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির ন্যানো বানানা ইমেজ জেনারেশন ও এডিটিং মডেলের ওপর ভিত্তি করে। পোস্টার তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ডিজাইন কিংবা ডিজিটাল ইলাস্ট্রেশন সম্পাদনার মতো কাজে টুলটি ব্যবহার করা যাবে।
গুগল জানিয়েছে, পিকসের মাধ্যমে ছবির নির্দিষ্ট কোনো বস্তু আলাদা করে তাতে পরিবর্তন আনা যাবে। ‘অবজেক্ট সেগমেন্টেশন’ সুবিধার মাধ্যমে একটি ছবির নির্দিষ্ট অংশ আলাদা করে সেটি পরিবর্তন করা সম্ভব হবে, অন্যদিকে ছবির বাকি অংশ অপরিবর্তিত থাকবে। নির্দিষ্ট কোনো অংশ নিয়ে লিখিত নির্দেশনা দিয়েও প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে এবং একসঙ্গে একাধিক সম্পাদনার নির্দেশ দেওয়া যাবে। এছাড়া ছবির ভেতরে থাকা লেখাও সরাসরি পরিবর্তন ও অনুবাদ করা যাবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণের বিল
গুগলের দাবি, এ ক্ষেত্রে ছবির নকশা বা ব্যবহৃত ফন্ট পরিবর্তন না করেই লেখা সম্পাদনা করা সম্ভব হবে। একই ছবিতে একাধিক ব্যক্তির কাজ করার সুবিধাও থাকছে পিকসে। ব্যবহারকারীরা তাদের তৈরি ছবি বন্ধু বা সহকর্মীদের সঙ্গে শেয়ার করে একই ছবিতে যৌথভাবে সম্পাদনা করতে পারবেন। একটি নির্দেশনা থেকে টুলটি একাধিক ছবির সংস্করণও তৈরি করতে পারবে। ফলে ব্যবহারকারী তৈরি হওয়া বিভিন্ন সংস্করণের মধ্য থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন।
গুগল পিকস শুধু আলাদা টুল হিসেবে নয়, গুগল ওয়ার্কস্পেস-এর বিভিন্ন অ্যাপের সঙ্গেও যুক্ত হচ্ছে। গুগল জানিয়েছে, গুগল ডকস ও গুগল স্লাইডস-এ এই ইন্টিগ্রেশন শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল ড্রাইভেও সুবিধাটি চালু হবে। এর ফলে ওয়ার্কস্পেস-এ কাজ করার সময় ছবি তৈরি বা সম্পাদনার জন্য আলাদা অ্যাপ বা ট্যাবে যেতে হবে না। সরাসরি সংশ্লিষ্ট ওয়ার্কস্পেস অ্যাপের মধ্যেই ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা পাওয়া যাবে।
গুগলের তথ্য অনুযায়ী, ওয়ার্কস্পেস এর বিভিন্ন পণ্যে প্রতি মাসে লাখ লাখ ব্যবহারকারী কোটি কোটি ছবি নিয়ে কাজ করেন। এই কাজকে আরও সহজ করতেই গুগল পিকসকে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। গুগল পিকস বর্তমানে আলাদা পণ্য হিসেবেও চালু হচ্ছে। ব্যবহারকারীরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রাফিকস, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ডিজিটাল ঘোষণা তৈরি এবং ডিজিটাল ইলাস্ট্রেশন সম্পাদনা করতে পারবেন।