২৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

অনশনরত নারী শিক্ষকদের সাথে কথা বলবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

বদলির ফল প্রকাশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অনশন করছেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অনশনরত শিক্ষকদের সাথে কথা বলতে আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পূর্বেই তাদের প্রেস ক্লাবে আসার কথা বলে জানা গেছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘বদলির ফল প্রকাশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে কিছু জটিলতার কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেই পথ খোঁজা হচ্ছে। সিনিয়র সচিব আবদুল খালেকের নির্দেশে একটি প্রতিনিধি দলের প্রেস ক্লাবে যাওয়ার কথা রয়েছে।’

এর আগে আমরণ অনশনরত নারী শিক্ষকদের মধ্য থেকে ৪ নারী শিক্ষককে আলোচনার জন্য ডেকেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে সেই আলোচনা। বুধবার দুপুরে শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধি দলকে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সাথে কথা বলে সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সেলিনা নামে এক সহকারী শিক্ষক। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিচালক স্যার আমাদের বলেছেন, তারা বদলির বিষয়ে আন্তরিক। তবে কিছু জটিলতার কারণে বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য আরও কিছুদিন ধৈর্য ধারণের আহবান জানানো হয়।’

আরও খবর: শিক্ষকদের ৪ সদস্যের প্রতিনিধি দলকে ডাকল মাউশি, আলোচনায় যা হলো

মাউশি পরিচালকের আহবানের জবাবে শিক্ষকরা জানান, ‘বদলি না হওয়ায় তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে। সন্তানদের ছেড়ে চাকরি করতে হচ্ছে। যেহেতু আবেদন নেওয়া হয়েছে, সেহেতু বদলির ফল প্রকাশের অনুরোধ জানানো হয়।’ শিক্ষকরা আরও জানান, যেহেতু আমাদের ধৈর্য্য ধরতে হবে, সেহেতু এই ধৈর্য্য জাতীয় প্রেস ক্লাবে অনশনে বসেই ধরবেন।

উল্লেখ্য, বুধবার সকাল ১০টায় বদলির আদেশ জারির দাবিতে অনশনে বসেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। তারা বলছেন বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অনশনরত অবস্থাতেই থাকবেন।