০৫ জুলাই ২০২৬, ১০:৩০

থাইল্যান্ডে হিপো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় নাযরাত

থাইল্যান্ডের ফুকেটে ১৪তম হিপো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডে নাযরাত জেবীন  © সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেটে অনু‌ষ্ঠিত ১৪তম হিপো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের সাউথ-ইস্ট এশিয়ার কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের নাযরাত জেবীন। গত ২ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত এ আয়োজন করা হয়।

অ‌লি‌ম্পিয়াডের এস২ ক্যাটাগরির কোয়ালিফাইং রাউন্ডে ২০‌টি দেশের প্রতিযোগীদের সাথে প্রতিদ্ব‌ন্দ্বিতা করে নাযরাত এ সাফল্য অর্জন করে। সে রাজধানীর উত্তরার মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রসঙ্গত, নাযরাত ইতোপূর্বে গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, জিরো অলিম্পিয়াড, ওয়ার্ল্ড অফ ৮ বিলিয়ন ও কে‌পিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনে অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

আরও পড়ুন: পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় কলি, চালাতে পারেন কম্পিউটার-স্মার্টফোনও

প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে নাযরাত বলছিল, ‘এটি আমার জীবনের একটি বড় অর্জন।’ তার ভাষ্য, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো করার জন্য নিয়মিত পরিশ্রম করে যেতে চাই। এজন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।’

নাযরাতের মা মৌসুমী মজিদ বলেন, ‘সন্তানের সাফল্য প্রত্যেক বাবা-মায়ের জন্যই গর্বের বিষয়। দেশের বিভিন্ন ধাপের প্রতিযোগিতা অতিক্রম করে থাইল্যান্ডে ২০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়াটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা তার এই অর্জনে খুবই আনন্দিত ও গর্বিত।’