শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রীসংস্থার মানববন্ধন
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রীসংস্থা। বৃহস্পতিবার ( ২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান। একইসাথে দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, এভাবে যদি ধর্ষণকাণ্ড চলতে থাকে তাহলে এদেশে কীভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করব, কীভাবে বড় করব, কীভাবে রাখব তাদের, এদেশের জন্য কীভাবে কাজ করব? আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সমাজকর্মী, আমরা সমাজের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি যেখানে আমার শিশু নিরাপদ নয়, আমি নিরাপদ নই, সেখানে কীভাবে দেশের কল্যাণে কাজ করব?
আরও পড়ুন : রামিসার সহপাঠীদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাবা
তিনি বলেন, এই ধর্ষণকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক। জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যেসকল আইনজীবী এই ধর্ষকদের পক্ষে আইনি লড়াই করেন তাদের ধিক্কার জানাই। তাদের ঘরে কি মা-বোন নেই, তাদের কি পেটে ভাত যায় না? এসব ধর্ষণকারীদের পক্ষ হয়ে কেন লড়তে হবে? সেসকল আইনজীবীকে আমি ধিক্কার জানাই। যারা ধর্ষণকারী আছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। মৃত্যুদণ্ডের মাধ্যমেই জনগণকে জানিয়ে দেওয়া উচিত যে, একজন ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত।
মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা কোন সমাজে বসবাস করছি? এসকল ঘটনার শুধু আজকের নয়; এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগে তনুকেও এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়? সরকার আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং সরকার কার্ড দেওয়ার কথা বলেছে। আমরা ঘরের বাহিরে গেলে নিরাপত্তা পাচ্ছি না, আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি।
আরও পড়ুন : শিশু রামিসা হত্যায় জড়িতদের রাজধানীতে প্রকাশ্যে ফাঁসির দাবি
রাবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, একটি সাত বছরের শিশু যেভাবে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় শিশু এবং নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, হত্যা শিকার হচ্ছে তারই একটা বড় উদাহরণ হলো শিশু রামিসা হত্যা। আমরা রামিসা হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার চাই।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। ধর্ষকদের নামে মামলা হচ্ছে গ্রেফতার হচ্ছে কিন্তু অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করার কথা, তা হচ্ছে না। এ বিচারহীনতা মূলত এই ধর্ষণের পেছনে মূল কারণ। নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা দেশে আইনের শাসন না থাকাও ধর্ষণের মূল কারণ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই দর্শকদের যারা চিহ্নিত হয়েছে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করেন।
মানববন্ধনে নারী শিক্ষার্থীরাসহ শাখা ছাত্রীসংস্থার ছাত্রী হল, অনুষদ ও বিভাগসমূহের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।