০৩ মে ২০২৬, ১১:২৬

অবশেষে কাঙ্ক্ষিত কমিটি পেল নোয়াখালী জেলা ছাত্রদল: সভাপতি রাসেল, সম্পাদক রাহান

ডানে সভাপতি এনবিএস রাসেল বামে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান  © টিডিসি ফটো

দীর্ঘ প্রতীক্ষা ও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন নেতৃত্ব পেল নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনবিএস রাসেল। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কারা নির্যাতিত ছাত্রনেতা ও নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি (বর্তমান আহ্বায়ক, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদল) এবং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন (সাবেক সভাপতি, নোয়াখালী কলেজ ছাত্রদল)।

দীর্ঘদিন পর কমিটি গঠিত হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা আশা করছেন, নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সব ইউনিট পুনর্গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব গড়ে তুলবে, মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১২টায়

তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা, দলের দুঃসময়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া এবং নিয়মিত শিক্ষার্থী ও শিক্ষার্থী-বান্ধব নেতাদের সমন্বয়েই এই কমিটি গঠিত হয়েছে। এ জন্য তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশেষ করে নোয়াখালীর কৃতি সন্তান নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, ‘বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখব। আমার ওপর কেন্দ্রীয় ছাত্রদল নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।’

অন্যদিকে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, ‘বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামীতে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’