বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশিপ, করুন আবেদন
ফ্রান্স উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি পছন্দের গন্তব্য। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা ইউরোপের এই দেশটিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। এর একটি প্রধান কারণ হলো ফ্রান্সের বিভিন্ন ধরনের স্কলারশিপ সুবিধা। এর মধ্যে একটি উচ্চ মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ হলো আইফেল স্কলারশিপ, যা ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদান করা হয়।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ৮ জানুয়ারি ২০২৭।
আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।
সুযোগ-সুবিধা
*মাসিক ভাতা বাবদ স্নাতকোত্তরের €১ হাজার ২০০ ইউরো ও পিএইচডির জন্য €২ হাজার ১০০ ইউরো প্রদান করবে;
*আবাসন ভাতা প্রদান করবে;
*যাওয়া-আসার বিমান খরচ;
*স্বাস্থ্যবিমা ও অন্যান্য ভাতা;
*ফ্রান্সে স্থানীয় পরিবহনের (ডমেস্টিক ট্রাভেল) সহায়তা;
*এই বৃত্তিতে টিউশন ফি অন্তর্ভুক্ত নয়, তবে অন্যান্য ব্যয়ের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া হয়;
আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা
আবেদনের যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না;
*ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ হতে হবে;
*আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষাদক্ষতার সনদ জমা দিতে হবে;
*বর্তমানে ফ্রান্সে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না;
*পিএইচডি পর্যায়ে ফ্রান্সের বাইরে থাকা আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে;
*বয়সসীমা: স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ২৯ বছর ও পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর;
আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার
আবেদনপ্রক্রিয়া
ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি ধাপে আবেদন করা যাবে। প্রথমে প্রার্থীকে ফ্রান্সের কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের জন্য ফর্ম পূরণ করার সময়ই উল্লেখ করবে যে, আইফেল স্কলারশিপের জন্য তিনি আবেদন করতে চান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীকে জানিয়ে দেবে যে তিনি স্কলারশিপ পেয়েছেন কি না।
প্রসঙ্গত, এই স্কলারশিপে শিক্ষার্থী সরাসরি আবেদন করতে পারবেন না। তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ফ্রেঞ্চ হাইয়ার এডুকেশন ইনস্টিটিটিউশন্সের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জানুয়ারি ২০২৭।