২২ আগস্ট ২০২৬, ১৮:৪০

গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের একটি গন্তব্য যুক্তরাজ্য। দেশটিতে বিশ্বখ্যাত নানা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে অনেক খরচের কারণে শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনা সহজ ব্যাপার নয়। এর বিকল্প হতে পারে স্কলারশিপগুলো। যুক্তরাজ্যের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই  নানা ধরনের স্কলারশিপের সুযোগ রয়েছে। তেমনই একটি জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ‘গ্রেট স্কলারশিপ’।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপটির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।

যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন’ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা।

আরও পড়ুন: টিউশন ফি, ভ্রমণ ও জীবনযাত্রার খরচসহ নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;

*স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার যোগ্যতা (যেমন IELTS) পূরণ করতে হবে;

*ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে;

*যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে;

*ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে;

*গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

আবেদনকারীকে গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট লিংক https://study-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships 

একই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।