২০ জুলাই ২০২৬, ২২:৫০

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন

থ্যাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে টিউশন ফি মওকুফের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT)। এআইটির স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হয়। এর লক্ষ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নতুন প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ ও ব্যবসায়িক নেতা গড়ে তোলা।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। জানুয়ারি ২০২৭ ইনটেকে বিদেশি আবেদনকারীদের জন্য আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২৬।

থাইল্যান্ডের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) অন্যতম। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রায় ৫০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি মর্যাদাপূর্ণ রামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করে। ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া।

এআইটির তিনটি স্বনামধন্য স্কুলে এ স্কলারশিপের সুযোগ রয়েছে। এগুলো হলো, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (SET), স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (SERD) এবং স্কুল অব ম্যানেজমেন্ট (SOM)।

সুযোগ-সুবিধা

*নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ পাবেন। এটি আবেদনকারীর যোগ্যতা ও মূল্যায়নের ওপর নির্ভর করবে।

*শিক্ষার্থীদের নিজ খরচে থাকা-খাওয়ার ব্যয় বহন করতে হবে।

*প্রতি সেমিস্টারে ২০ হাজার থাই বাথ রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।

*আন্তর্জাতিক মানের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে।

আর পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

*স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

*পিএইচডি প্রোগ্রামের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

*আইইএলটিএসে স্নাতকোত্তরের জন্য ন্যূনতম ৫.০ এবং পিএইচডির জন্য ন্যূনতম ৫.৫ স্কোর থাকতে হবে।

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৬।