১৩ জুন ২০২৬, ১৯:০০

যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়

যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেয় সেগুলো সম্পর্কে জেনে নিন  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ থাকলেও উচ্চ টিউশন ফি, আবাসন, বইপত্র ও জীবনযাত্রার ব্যয় অনেক শিক্ষার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে দেশটির বেশ কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে, যা তাদের উচ্চশিক্ষার ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সহায়তা করে।

১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) 

কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র‍্যাঙ্কিং অনুযায়ী পরপর দুই বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে এমআইটি। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগ শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অবস্থার ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করে। যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলারের (প্রায় ৯৫ লাখ ৫০ হাজার টাকা) কম, তাদের জন্য স্কলারশিপ বা অনুদানের সুযোগ নিশ্চিত করা হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমআইটির প্রায় ৩৯ দশমিক ৪৭ শতাংশ স্নাতক শিক্ষার্থী এমন স্কলারশিপ বা অনুদান পেয়েছেন, যার পরিমাণ টিউশন ফির সমান বা তার বেশি।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

২. হার্ভার্ড ইউনিভার্সিটি

হার্ভার্ড কলেজের গ্রিফিন ফাইন্যান্সিয়াল এইড অফিস আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা প্রদান করে। পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলার বা তার কম হলে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পেতে পারেন। এ সহায়তার আওতায় টিউশন ফি, আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াত ব্যয় এবং প্রথম বর্ষে ২ হাজার ডলারের স্টার্ট-আপ অনুদান অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যেসব পরিবারের আয় ২ লাখ ডলারের কম, তাদের জন্যও টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়।

৩. ইয়েল বিশ্ববিদ্যালয়

ইয়েল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আবেদনকারীর আর্থিক সক্ষমতা বিবেচনা না করেই ভর্তিপ্রক্রিয়া পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের পরিবারের প্রদর্শিত আর্থিক চাহিদার শতভাগ পূরণের প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি আবেদনমাধ্যমের যেকোনো একটির মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন ডেকিন ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

৪. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমিত পরিমাণ আর্থিক সহায়তা রয়েছে। যেসব শিক্ষার্থীর আর্থিক সহায়তা প্রয়োজন, তাদের ভর্তির আবেদনের সময়ই বিষয়টি উল্লেখ করতে হয়। ভর্তি হওয়ার পর পারিবারিক আর্থিক অবস্থার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়।

৫. কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া অন্য শিক্ষার্থীদের মতো হলেও আর্থিক সহায়তার ক্ষেত্রে ‘নিড-অ্যাওয়ার’ নীতি অনুসরণ করা হয়। অর্থাৎ আবেদনকারীর আর্থিক প্রয়োজনও মূল্যায়নের অংশ হতে পারে। বর্তমানে গড় আর্থিক সহায়তার পরিমাণ ৭৯ হাজার ৩৭৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ লাখ টাকার সমান।

তথ্যসূত্র: এনডিটিভি