০৬ জুন ২০২৬, ২০:৩৬

উচ্চশিক্ষায় ইতালির সেরা পাঁচ স্কলারশিপ

ইতালিতে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন দেশটির সেরা কয়েকটি স্কলারশিপ সম্পর্কে  © সংগৃহীত

ইতালি উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য যেখানে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা যায়। এখানে শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যয়ন করতে পারে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক সুযোগ রয়েছে। স্বল্প খরচে শিক্ষা ও জীবনযাপনের সুযোগ ও সমৃদ্ধ সংস্কৃতির কারণে ইতালি প্রতিবছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে আকৃষ্ট করে। তাই উচ্চশিক্ষার জন্য ইতালি এখন বিশ্বের অন্যতম অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচিত।

উচ্চশিক্ষায় ইতালিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ সুবিধা রয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনার খরচ অনেকটাই হ্রাস করে দেয়। সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক এসব স্কলারশিপ টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা ও জীবনের অন্যান্য খরচ বহন করে।

১. ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় (MAECI) আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য এই বৃত্তি প্রদান করে। বৃত্তির আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ৯০০ ইউরো ভাতা, স্বাস্থ্যবিমা ও কিছু ক্ষেত্রে ভ্রমণ ব্যয়।

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

২. আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপ

আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাপক অর্থায়ন করে থাকে। এই ফেলোশিপটি ICGEB (International Centre for Genetic Engineering and Biotechnology) দ্বারা প্রদান করা হয়। এর মেয়াদ ৩ বছর যা ক্ষেত্রবিশেষে আরও ১ বছর বাড়তে পারে। এ বৃত্তিতে উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও অতিরিক্ত নানা সুবিধা পাওয়া যাবে।

৩. বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপ

ইতালির বোকোনি ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের মেধাভিত্তিক ও প্রয়োজনভিত্তিক স্কলারশিপ প্রদান করে থাকে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হয়। অনেক ক্ষেত্রে আবাসন ও অন্যান্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। সাধারণত ভর্তি আবেদনের ভিত্তিতেই যোগ্য শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য বিবেচনা করা হয়।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

৪. বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়ন করে বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ। টিউশন ফি-সহ বছরে ১১ হাজার ইউরো শিক্ষা অনুদান পাওয়া যায় এই স্কলারশিপের আওতায়।

৫. স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপ

স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপে চার বছর মেয়াদি একাধিক পূর্ণ অর্থায়িত পিএইচডি স্কলারশিপ প্রদান করা হয়। এ বৃত্তি দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ও থাকার সুবিধা পাবেন। এছাড়া গবেষণা পরিচালনার জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থ পেতে পারেন।