সদরঘাটের লঞ্চে ১৮ লাখ টাকা চাঁদা দাবি, জবি ছাত্রদল নেতাকে শোকজ
সদরঘাটের লঞ্চ মালিকের কাছ থেকে ১৮ লাখ টাকা চাঁদা দাবি ও তিন লাখ চার হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর শৃঙ্খলা ভঙ্গের আভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।
আরও পড়ুন: জোর করে ১৮ লাখ টাকার স্ট্যাম্পে সই, না দিলে ২ কোটি টাকার লঞ্চ কেড়ে নেবেন ছাত্রদল-বিএনপি নেতারা
এর আগে, চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদার এবং ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া ও তাদের সহযোগীদের বিরুদ্ধে গত ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর একটি অভিযোগপত্রটি দাখিল করেন ভুক্তভোগী লঞ্চ মালিক ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন।
অভিযোগে ভুক্তভোগী শ্যামবাজার, বাংলাবাজার ও লালকুঠি লঞ্চঘাট এলাকায় ওই ব্যবসায়ীকে ধরে এনে চাঁদাবাজির ঘটনার বর্ণনা দেন এবং গোপনীয়তার সাথে তদন্তপূর্বক এর দলীয় ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।