১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৩

সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

দেশের যেকোনো কলেজে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শনে যেতে পারেন। এ সম্ভাবনা সামনে রেখে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রবিবার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঢাকা মহানগরীসহ দেশের যেকোনো প্রান্তে যেকোনো কলেজে আকস্মিক পরিদর্শন করতে পারেন। এ জন্য কলেজের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, ল্যাব, লাইব্রেরি, টয়লেট, মাঠ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্যানিটেশন ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।]

আরও পড়ুন: পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসির দুই সদস্যকে, তালিকায় আরও কয়েকজন

এ ছাড়া দাপ্তরিক নথি ও রেজিস্টার হালনাগাদ রাখা, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয়।

ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনটি দেশের সব অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।