১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫

তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া বিক্রি ৭০ হাজার টাকায়

সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ  © টিডিসি সম্পাদিত

সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদিয়া আয়াতের চিকিৎসার খরচ জোগাতে নিজের শখের এক জোড়া দুর্লভ কবুতর নিলামে তুলেছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ। নিলামে কবুতর জোড়াটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফতুল্লা পিজিয়ন ফেন্সিয়ার ক্লাবের (এফপিএফসি) ফেসবুক গ্রুপে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে কবুতর প্রেমী একঝাঁক মানুষ অংশ নেন। নিলামে রাসেল রানা নামে একজন সর্বোচ্চ ৭০ হাজার টাকা দিয়ে কবুতর জোড়াটি কিনে নেন।

আরও পড়ুন: বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহায়তা

সাদিয়া আয়াত বর্তমানে দুই কিডনি ড্যামেজ হয়ে শ্যামলী কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় সহায়তার জন্য গত ১০ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শখের কবুতর জোড়াটি বিক্রির ঘোষণা দেন মো. আব্দুল হামিদ। পোস্টটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

নিলাম শেষে আব্দুল হামিদ বলেন, ‘যা দাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার সীমাবদ্ধতার জায়গা থেকে সাদিয়া আয়াতের জন্য যতটুকু করা দরকার, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। মেয়েটার যদি এতে সামান্যতম উপকারও হয়, এতে আমার মন শান্তি পাবে।’