১৬ আগস্ট ২০২৬, ১৫:২৯

শিক্ষার্থীদের গবেষণামুখী করতে ইডেন মহিলা কলেজে রিসার্চ সোসাইটির যাত্রা শুরু

ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইমসআরএসের উদ্বোধন ঘোষণা করা হয়  © টিডিসি

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এগিয়ে নিতে ইডেন মহিলা কলেজে যাত্রা শুরু করছে ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটি (ইমসআরএস)। এ সময় সংগঠনটির নতুন আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (১৬ আগস্ট) বেলা একটায় ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়।

‘গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান অর্জন’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের গবেষণার ভবিষ্যৎ গড়ে তোলা’। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গবেষণামুখী করা, উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং একাডেমিক জ্ঞানচর্চার নতুন সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. আবদুস সালাম। ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীম আরা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ পারভীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. আফরোজা বেগম।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মঞ্জুরুল করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (ডিইউআরএস) মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাদিয়া আক্তার এশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির সভাপতি মোছা. কামরুন্নাহার হেনা। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবদুস সালাম বলেন, ইতিহাস বা শুভ সূচনা হলো। গবেষণা কাজে মেথডোলজী অনুসরণ করতে হবে। গবেষণার জন্য  নতুন জ্ঞান সৃষ্টি , এমন গবেষণা দেশের মানুষের কাজে লাগবে এমন বিষয় লক্ষ্য রাখতে হবে। রাস্তার ট্রাফিক জ্যাম সহ বিভিন্ন দিবস ইতিহাস নিয়ে প্রাথভিকভাবে গবেষণা শুরু করতে পারি। 

নিজের গবেষণা কাজের ক্ষেত্র তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান পৃথিবীতে এআই ব্যবহার করে খুব দ্রুত তথ্যের সংগ্রহের মাধ্যমে গবেষণা কাজ সহজতর করেছে।  প্রযুক্তির সাথে গবেষণার সংযোগ ঘটাতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয় মিলে গবেষণা কাজ পরিচালনার জন্য প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

আয়োজক জানান, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং ভবিষ্যৎ গবেষক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিসার্চ সোসাইটি। গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বিকাশে ইমসআরএস একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে ইডেন কলেজ শিক্ষার্থীদের প্রত্যাশা।