ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো ও মনোগ্রাম প্রকাশ
নবগঠিত দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ করা হয়েছে। শিগগিরই এগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আইডি কার্ডসহ বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যবহার শুরু হবে।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘লোগোটি চূড়ান্ত করা হয়েছে। যেহেতু শুধু রঙে (কালার) পরিবর্তন আনা হয়েছে, তাই এ বিষয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। খুব শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হবে। তবে লোগোর সাদা-কালো সংস্করণে কোনো পরিবর্তন আনা হয়নি। অফিসিয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবিস্তারে জানানো হবে। আপাতত আইডি কার্ড ও অন্যান্য জরুরি কাজের জন্য লোগোর বিষয়টি প্রকাশ করা হয়েছে।’
প্রকাশিত লোগোটি বিশ্লেষণ করে দেখা যায়, শিল্ড আকৃতির নকশার মধ্যে খোলা বই, উদীয়মান সূর্য এবং গ্লোবের প্রতীক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ‘Learn, Create, Inspire’ স্লোগান সংযোজন করা হয়েছে। গাঢ় নীল, গাঢ় লাল, সাদা ও কমলা রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে। পাশাপাশি নিচের রিবনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ লেখা হয়েছে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শেষ, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা
প্রকাশিত প্রতীকী সিলের নকশা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত সিলে বৃত্তাকার নকশা ব্যবহার করা হয়েছে। বাইরের নীল বৃত্তে ইংরেজিতে ‘LEARN • CREATE • INSPIRE’ এবং নিচে ‘DHAKA CENTRAL UNIVERSITY’ লেখা রয়েছে। নীল, সাদা, লাল ও সোনালি রঙের সমন্বয়ে তৈরি এই সিলটি শিক্ষা, জ্ঞানচর্চা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতীকী উপস্থাপন হিসেবে ফুটে উঠেছে।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ঢাল আকৃতির প্রতীকের ওপরের অংশে ‘LEARN • CREATE • INSPIRE’ লেখা এবং নিচে উদীয়মান সূর্য, খোলা বই ও পৃথিবীর প্রতীক রাখা হয়েছে। মনোগ্রামের নিচে ফিতার আকৃতিতে ‘DHAKA CENTRAL UNIVERSITY’ লেখা রয়েছে। মনোগ্রামটি বিভিন্ন সরকারি নথি, লেটারহেড, পরিচয়পত্র, প্রকাশনা ও আনুষ্ঠানিক ব্যবহারের জন্য উপযোগী করে ডিজাইন করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে সংযুক্ত করে ২০২৬ সালে প্রতিষ্ঠিত হয় দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের সফল পরিণতি হিসেবে গত ১০ এপ্রিল জাতীয় সংসদে এর আইন পাস হয়।