১৩ জুলাই ২০২৬, ১০:৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার নিবন্ধন শুরু 

জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। অনলাইনে নিবন্ধন করা যাবে আগামী ১২ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৬ আগস্ট প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে।

আরও পড়ুন : ২৫ বছর নিরূদ্দেশ ছিলেন ববি, নির্মম মৃত্যুর পর খোঁজ মিলল পরিবারের

এবারের প্রতিযোগিতায় একক বিভাগে দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা এবং দলীয় বিভাগে গণসংগীত, সৃজনশীল দলীয় নৃত্য ও বিতর্ক অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।