১৩ বছর পর অধ্যাপক হয়ে ফিরলেন এ কে এম ওয়াহিদুজ্জামান
দীর্ঘ ১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেয়েছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামান। পুনর্নিয়োগের পাশাপাশি তাকে অধ্যাপক পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন।
এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০১৩ সালের ৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে ফেসবুকে ‘অশ্লীল ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগ ওঠে এ কে এম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে।
আরও পড়ুন: অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, ফৌজদারি মামলায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮ এর ১০(৪) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরবর্তীতে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। গত ১৪ জুন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেছেন বলে নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, এ কে এম ওয়াহিদুজ্জামান বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছেন। সে কারণে তার প্রাপ্য মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অধ্যাপক পদে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।