০২ জুন ২০২৬, ১৩:৪৬

লম্বা ছুটি শেষে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ফিরছে পাবলিক বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির শেষে ধাপে ধাপে খুলতে শুরু করেছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। এতে একে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ফিরছে প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে কিছু বিশ্ববিদ্যালয়ে আগামী সপ্তাহ থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু হবে।

দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারনায় আবারও মুখর হয়ে উঠছে ক্যাম্পাসগুলো। আবাসিক হলগুলোতেও ফিরতে দেখা গেছে শিক্ষার্থীদের। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও পরীক্ষা এ মাসের শেষ দিকে শুরু হবে বলে জানা গেছে। যদিও অফিসের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয় ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত। তবে প্রশাসনিক কার্যক্রম ১ জুন থেকে শুরু হলেও শিক্ষা কার্যক্রম শুরু হবে ২২ জুন থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছুটি মে মাসের শেষ সপ্তাহে শুরু হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে ১ জুন।

ক্লাস শুরু হবে বিভাগভেদে পৃথক পৃথক দিনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ৯ জুন এবং অ্যাকাডেমিক কার্যক্রম ১৫ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে রাজশাহীসহ দেশের বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ সপ্তাহ থেকে পুরোদমে পাঠদান ও শিক্ষা কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন: প্রথম শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

এ তালিকায় রয়েছে জগন্নাথ, খুলনা ও জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ৬ জুন। আর ৭ জুন থেকে পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক কার্যক্রম চালু হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, গত ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি হওয়ার কথা থাকলেও ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরই ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। ফলে প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ছুটি পান তারা।

দীর্ঘ ছুটি শেষে রবিবার থেকে আবারও বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল, প্রশাসনিক দপ্তর ও অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালনার জন্য প্রস্তুতি চলছে। ঈদের দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসগুলোতে আবারও প্রাণচঞ্চল্যতা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।