প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী
সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু স্থায়ী সনদপ্রাপ্তদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের এই পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। সে হিসেবে স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী এই তালিকায় রয়েছেন।
পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ববিদ্যালয়ের কত?
২০১৯ সালে এই তালিকায় রয়েছেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আলিজা শারমিন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামশী তাসনিম সিনথিয়া
২০২০ সালের তালিকায় রয়েছেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তাসকিদ হোসেন আসিফ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সৈয়দা রাইসা মালিহা।
২০২১ সালের তালিকায় রয়েছেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির রাইসুল ইসলাম শুভ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাইমা বিনতে হাসান, প্রিমিয়ার ইউনিভার্সিটির মো. শরীফুল ইসলাম, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহনাজ মিয়া পুথি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির তৌফিক আহমেদ।
মোট ৪৬৯ জনের এই তালিকায় ২০১৯ সালের রয়েছেন ১৭৮ জন, ২০২০ সালের ১৪১ জন এবং ২০২১ সালের ১৫০ জন। নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করা হয়। অনার্স স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতিবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করেন।
ইউজিসি সূত্রে জানা যায়, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ নীতিমালা সংশোধন করা হয়। এর মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও (স্থায়ী সনদপ্রাপ্ত) এ পুরস্কারের আওতায় আসে।
এবারও তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।