১৮ আগস্ট ২০২৬, ১১:৪২

১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  © টিডিসি ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম।’

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের প্রগতি ও দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।

বক্তারা জুলাইয়ের আন্দোলন, তারুণ্যের ভূমিকা, প্রত্যয় ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তরুণ সমাজকে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এসময় ববি হাজ্জাজ বলেন, ‘১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম। ৫ আগস্টের মাত্র তিন দিন পরেই এই বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস শুরু করে। আমি অবাক হয়েছি আপনাদের এই তৎপরতা দেখে। আমি নিজে দেখেছি ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্যরা ক্যাম্পাস দখলে নিয়েছিল। ভবন ভাঙচুর করে ছিল। এই ভগ্নদশা থেকে এত জলদি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো বেশ চ্যালেঞ্জিং ছিল। যেটা কানাডিয়ান বিশ্ববিদ্যালয় করে দেখিয়েছে।’

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মাত্র এক দশকের মধ্যেই শিক্ষার মানের কারণে অনেক দূর এগিয়েছে বলেও প্রশংসা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে।’

আরও দেখুন: ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলি প্রকাশ

বিশেষ অতিথির বক্তব্যে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, ‘শিক্ষার্থীদের উন্নয়নে যা যা করা প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড তা করবে। এ জন্য তিনি শিক্ষার্থীদের কাছ থেকে একটি রূপরেখা আহ্বান করেন।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বলেন, ‘সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। এ জন্য নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।