ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় তদন্তের নির্দেশ, অভিযুক্ত প্রাথমিক শিক্ষক বললেন—নিম্নচাপ নিয়ে পোস্ট
ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে তিনি পোস্টটি ‘নিম্নচাপ’ নিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন।
এ ঘটনায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদের নির্দেশে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, দুই দিন আগে শিক্ষক মহসিন আকন্দ তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘এখন শীতের কাঁপুনি ধরেছে, আগামীতেও আরও বাড়বে। কারণ, ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’
তার এ পোস্ট ঘিরে নান্দাইলের শিক্ষক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। পোস্টটির মন্তব্যের ঘরে নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু লেখেন, ‘সুন্দর উপলব্ধি।’
ফাতেমা সেতু নামের এক নারী মন্তব্য করেন, ‘আপনাদের আপা আসতেছে, শীতের আমেজটা এইবার একটু স্পেশাল হবে।’ এর জবাবে মহসিন আকন্দ লেখেন, ‘এত আগে বাড়লে হবে না তো?’
আরও খবর: এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল কার্যকরে প্রয়োজন ১০ হাজার কোটি টাকা
অন্যদিকে জামান রনি নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সেটা বলেন?’ এসব মন্তব্য ঘিরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে শিক্ষক মহসিন আকন্দ বলেন, ‘আমি নিম্নচাপের কারণে এমন মন্তব্য করেছি। তবে ডিসেম্বরে আওয়ামী লীগ আসা—এমন কিছু নিয়ে পোস্ট দিইনি। কী কারণে আমাকে চিঠি দেওয়া হয়েছে, তা বুঝতে পারছি না।’
উপজেলা ভারপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’