২১ জুন ২০২৬, ১০:৪৫

প্রাথমিকের প্রধান শিক্ষক পদোন্নতির মামলার রায় ২ জুলাই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ২ জুলাই এ মামলার রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এ মামলার রায় হলে দীর্ঘদিম ধরে আটকে থাকা প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ জানান, আপিল বিভাগে অন্তত পাঁচবার মামলাটি শুনানির চেষ্টা করা হলেও বেঞ্চ পুনর্গঠনসহ বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে দীর্ঘ বিলম্বের পর অবশেষে শুনানি শেষ হয়েছে। আগামী ২ জুলাই রায়ের দিন ধার্য করা হয়েছে। 

আরও পড়ুন: ১১ দিন পর সচল হলো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার 

জানা গেছে, ২০১৩ সালে জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে জ্যেষ্ঠতার (গ্রেডেশন) তালিকা তৈরি, প্রধান শিক্ষক হিসেবে স্কেল প্রাপ্তি এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সুবিধা আদায়ের দাবি করেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে ২০১৭ সালে হাইকোর্টে প্রথম একটি রিট দায়ের করা হয়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি রিট হয়। হাইকোর্ট এসব রিটের ওপর রায় দেওয়ার পর, ২০২৩ সালে বিষয়টি আপিল বিভাগে গড়ায় 

গত ১৮ জুন এই সিভিল আপিলের ওপর শুনানি শেষ হয়েছে এবং আপিল বিভাগ আগামী ২ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেছেন। মূলত এই একটি মামলার সঙ্গেই সাড়ে ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি এবং দেশের সমসংখ্যক প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের বিষয়টি সরাসরি জড়িত। আগামী ২ জুলাই এই মামলার রায় হলে প্রধান শিক্ষক নিয়োগের স্থবিরতার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।