২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৬

আমি কাউকে মনোনয়ন দিইনি: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম  © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আব্দুস সালামের নাম ঘোষণা করার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কাউকে মনোনয়ন দেওয়া বা দলসমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা তিনি বলেননি। আগামী নির্বাচনে আব্দুস সালাম ও স্থানীয় কাউন্সিলর টিপু প্রার্থী হলে তাদের সমর্থন দেওয়ার কথা বলেছেন মাত্র।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দল সমর্থিত প্রার্থীর কথাও বলিনি। আমি বলেছি, আগামী নির্বাচনে যদি সালাম সাহেব এবং টিপু সাহেব মেয়র এবং কাউন্সিলর প্রার্থী হয়, আপনারা দয়া করে তাদের সমর্থন করবেন।’

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক ব্যবহারের বিষয়ে মীর শাহে আলম বলেন, ‘নতুন আইন অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের সুযোগ নেই। এক্ষেত্রে দল প্রার্থীকে সমর্থন দিতে পারে। মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও জাতীয় স্থায়ী কমিটি নেবে।’

প্রতিমন্ত্রী আরও জানান, পরিচ্ছন্নতাকর্মীদের একটি নিবাসে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে কান্দুলী ও তেলুগু সম্প্রদায়ের ৬৪০টি পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের পুরো অংশ প্রচার করা হয়নি বলে দাবি করেন তিনি।

এর আগে গত সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত একটি অনুষ্ঠানে দেওয়া প্রতিমন্ত্রীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামকে মেয়র প্রার্থী হিসেবে উল্লেখ করতে শোনা যায় তাকে।

আরও পড়ুন: দক্ষিণ সিটিতে আবদুস সালাম মেয়র পদে লড়বেন—বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুস সালামকে দেখিয়ে মীর শাহে আলমকে বলতে শোনা যায়, ‘আগামী দিনে সিটি কর্পোরেশন নির্বাচন আসবে। এই যে আমার শ্রদ্ধেয় আবদুস সালাম সাহেব মেয়র পদপ্রার্থী হবে। এই যে হাজী মকবুল কাউন্সিলর হবে।’

এদিকে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় তিনি ছাত্রীদের সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে উৎসাহিত করেন এবং ইভটিজিংয়ের শিকার হলে কী করতে হবে, সে বিষয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, সবাই সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া-আসা করবে। কেউ ইভটিজিং করতে চাইলে ভদ্রভাবে তার গায়ের ওপর সাইকেল তুলে দেওয়ার কথা বলেন তিনি।

নারী শিক্ষার অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নারী শিক্ষাকে আরও এগিয়ে নিতে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা বিনা মূল্যে করা হয়েছে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম আগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ছিল। নারী ও শিশুর পাশাপাশি সর্বস্তরের মানুষের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যেই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।